২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রলবোমা হামলা ও কাভার্ডভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে মামলাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে বিবেচনায় নিয়ে বাকি আসামিদের বিরুদ্ধেও মামলা প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. কাইমুল হক রিংকু।
তিনি জানান, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় আটজন নিহত হন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করে পুলিশ। মামলার অভিযোগপত্রে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৭৮ জনকে আসামি করা হয়। মামলার বাদী ছিলেন তৎকালীন চৌদ্দগ্রাম থানার পুলিশ কর্মকর্তা নুরুজ্জামান হাওলাদার।