|| মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান ||
হযরত মুহাম্মাদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের তরফ হতে সর্বশ্রেষ্ঠ মানুষ এবং সর্বশেষ নবী। আসমানি কিতাবসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সর্বজনীন কিতাব রাসূলে কারিমের ওপর অবতীর্ণ হয়। তাঁর উম্মতকে বলা হয় উম্মতে মুহাম্মাদী। এই উম্মতে মুহাম্মাদী দুই প্রকার। প্রথম প্রকার হচ্ছে উম্মতে ইজাবা অর্থাৎ যারা তাঁর নবী ও রাসূল হওয়াকে মনেপ্রাণে ও কাজেকর্মে মেনে নিয়েছে। দ্বিতীয় প্রকার হচ্ছে উম্মতে দাওয়া বা যারা তাঁর রাসূল ও নবী হওয়াকে মেনে নেয়নি।
যারা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী-রাসূল হিসেবে মেনে নিয়েছেন, তাদেরকে তাঁর ওপর অবতীর্ণ আল্লাহপ্রদত্ত বিধিবিধান অনুসরণ করতে হয়। এরই নাম ইসলাম। রাসুলুল্লাহর অনুসরণ ছাড়া কেউ পুর্ণাঙ্গভাবে ইসলামে দাখেল হতে পারে না। এজন্য উম্মতে ইজাবার ওপর কিছু দায়দায়িত্ব আছে। উম্মতের ইজাবার কাজ হচ্ছে দাওয়াত ও তাবলিগের কাজ। এই কাজ পালন করতে গিয়ে চারটি মৌলিক দায়িত্বের প্রতি নজর দেয়া প্রয়োজন।