বাংলাদেশ সীমান্ত-সংলগ্ন মিয়ানমারের ২৭০ কিলোমিটার এলাকার পুরোটাই এখন বিদ্রোহী আরাকান আর্মি নিয়ন্ত্রণে। এমন পরিস্থিতিতে টেকনাফ সীমান্তবর্তী নাফ নদে নিষেধাজ্ঞা দিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। এ কারণে নাফ নদে নৌযান চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে নৌযান চলাচলও।
এদিকে বাংলাদেশি জেলেদের সতর্ক করার পাশাপাশি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে পাহারা জোরদার করেছে প্রশাসন।
মংডু দখলের পরপরই নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা এক বিবৃতিতে আরাকান আর্মি জানিয়েছে, নাফ নদে আরাকান জলসীমায় অনির্দিষ্টকালের জন্য সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কয়েক মাস ধরে মিয়ানমারের জান্তার সঙ্গে লড়াইয়ের পর রোববার (৮ ডিসেম্বর) সকালে মংডু শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে আরাকান আর্মি। সোমবার (৯ ডিসেম্বর) মিয়ানমারের গণমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে এ কথা বলা হয়।