আওয়ার ইসলাম ডেস্ক: আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার নবমনোনীত শায়খুল হাদিস ফকিহুদ্দীন আল্লামা মুফতি হাফেজ আহমদুল্লাহ এর সংক্ষিপ্ত জীবনী।
জন্ম: ১৪ রবিউস সানি, ১৩৬১ হিজরি মোতাবেক ১ মে, ১৯৪১ ইং, চট্টগ্রাম জেলার পটিয়া থানার অন্তর্গত নাইখাইন মোজাহেরুল্লাহ মুনশী বাড়িতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা হযরত মাওলানা ঈসা সাহেব রহ.।
লেখাপড়া:তার শিক্ষা জীবন শুরু হয় পিতা মহোদয়ের নিকটেই। তার কাছেই কোরআন মাজিদের নাজেরা শেষ করেন মাত্র সাত বছর বয়সে।
তারপর প্রাচীনতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জিরি ইসলামিয়া আরবিয়া মাদ্রাসায় ১৩৬৮ হিজরিতে হেফজ বিভাগে ভর্তি হয়ে ১৩৭১ হিজরিতে মাত্র দশ বছর বয়সে হেফজ সমাপ্ত করেন। উক্ত মাদ্রাসায় দরসে নেজামির প্রথম স্তর থেকে দাওরায়ে হাদীস পর্যন্ত শেষ করেন। প্রত্যেক জামাতের প্রতিটি পরীক্ষায় লাভ করেন প্রথম স্থান।
সেখানে তার বিশেষ ওস্তাদগণের মধ্যে ছিলেন, হযরত আল্লামা আবুল খায়ের রহ. প্রমূখ। ১৩৮৩ হিজরি সনে স্বদেশে পড়ালেখা শেষ করে আরো উচ্চতর শিক্ষার জন্য পাড়ি জমান পাকিস্তানে। ১৩৮৪ হিজরি সনে তিনি ভর্তি হন পাকিস্তানের প্রসিদ্ধ শহর লাহোরের বিখ্যাত প্রতিষ্ঠান জামিয়া আশরাফিয়া লাহোরে। সেখানে তিনি পূণরায় দাওরায়ে হাদীস পড়েন।
উক্ত প্রতিষ্ঠানেও তিনি আল্লাহর রহমতে প্রচুর সুনাম অর্জনে সমর্থ হন। তার ওস্তাদগণের মাঝে আল্লামা রসূল খান রহ., আল্লামা ইদরীস কান্দলভী রহ. প্রমূখ উল্লেখযোগ্য। এতটুকুতে তিনি ক্ষান্ত হননি। আরো উচ্চতর শিক্ষা লাভের আগ্রহে চলে যান পাকিস্তানের মুলতান শহরের প্রসিদ্ধ মাদ্রাসা খাইরুল মাদারিসে।
সেখানে ভর্তি হয়ে প্রখ্যাত ওস্তাজুল মা'কুলাত হযরত আল্লামা মুহাম্মদ শরীফ কাশ্মীরির কাছে ফুনুনাতে আলিয়া সমাপ্ত করেন। কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন সেখানেও। উল্লেখ্য, সেখানকার শিক্ষকগণ তার বিরল মেধা, সাধনা ও কৃতিত্ব দেখে তাঁকে "বাঙ্গাল কা খরকে আদত" (বাংলার বিরল মেধাবী সত্তা) উপাধিতে ভূষিত করেন।
মাদ্রাসা কর্তৃপক্ষও তার মেধা ও কৃতিত্বে মুগ্ধ হয়ে মাদ্রাসার বিশাল বার্ষিক মাহফিলে বিশেষ পুরস্কার ও ইলমি দর্শনের বিশেষ দস্তার (পাগড়ি) প্রদান করেন।