দরজায় কড়া নাড়ছে কওমি মাদরাসার বিভিন্ন জামাতের কেন্দ্রীয় পরীক্ষা। তাই অল্প সময়ে পরীক্ষায় ভাল ফলাফল করার কলাকৌশল বিষয়ে অনলাইন সংবাদ মাধ্যম আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম আয়োজন করেছে পরীক্ষা বিষয়ক শিক্ষাপরামর্শ ‘পরীক্ষার ভালো প্রস্তুতি ও সেরা ফলাফলের কৌশল’। ধারাবাহিক পর্ব- ১৯
লিখছেন দারুল উলুম রামপুরা বনশ্রী মাদরাসার উস্তাযুল হাদিস, দারুল উলুম দেওবন্দের ফাজেল ‘মাসুম আবদুল্লাহ’।
(গত পর্বের পর)
মূল ফসল ও আসল অর্জন কুড়াবার আরেকটি মূল জামাত মিশকাত জামাত। কুরআন-হাদিস তথা ইসলামি জ্ঞানভান্ডার থেকে উপকৃত হবার যোগ্যতা লাভের জন্যে বিগত বছরগুলোর পড়াশোনা। আর মিশকাত জামাত থেকে শুরু হয়ে যায় মূল লক্ষ্য ইলমে ওয়াহি হাসিলের পথযাত্রা।
তাই অন্য জামাতের পড়া-লেখার তুলনায় এ জামাতের পড়াশোনা হতে হবে একটু বেশি শৃঙ্খলিত ও মার্জিত। স্বপ্ন-শেখর ছোঁয়া ও স্বপ্ন-ধরার আনন্দে উদ্বেলিত ও উচ্ছ্বসিত।
অতএব—শুধু পরীক্ষায় নয় বরং জীবন সাধনার লক্ষ্য পূরণের তাগিদে ঝাপিয়ে পড়তে হবে নিয়মতান্ত্রিক মেহনত ও কঠোর অধ্যাবসায়। নিচে এ জামাতে ভালো ফলাফল ও সফলতা লাভের কিতাবভিক্তিক কিছু কৌশল ও করণীয় তুলে ধরা হল—
মিশকাতুল মাসাবিহ ১-২-৩
১. সঠিক হরকত-সহ প্রতিটি হাদিসের সহজ সরল অনুবাদ রপ্ত করবে। হাদিসগুলো বার বার পড়বে—যাতে মুখস্থ হয়ে যায়। সহজ সরল অনুবাদ শেখার জন্য ইমদাদিয়ার বাংলা মেশকাত গুরুত্বসহ পড়া যেতে পারে।
২. শব্দের তাহকিকসহ প্রতিটি হাদিসের অর্থ শিখবে। এ জন্য কিতাবের হাশিয়া দেখবে। সম্ভব হলে ‘মিরকাত’ দেখবে।
৩. হাদিস সংশ্লিষ্ট ঘটনা ও প্রেক্ষাপট গুছিয়ে লিখে রপ্ত করবে। এ ক্ষেত্রে উস্তাদের আলোচনা মনে রাখার চেষ্টা করবে।
৪. হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা বা হাদিস সংশ্লিষ্ট মাসয়ালা-মাসায়েল ও হুকুম-আহকাম বুঝে শুনে পড়বে ও লিখে মনে রাখার চেষ্টা করবে। ইমামদের মতামত, প্রত্যেকের দলিল ও প্রতিপক্ষের দলিলের খণ্ডনসহ রপ্ত করবে। এ জন্য মিরকাত দেখবে। সম্ভব না হলে ইযাহুল মিশকাত, তানযিমুল আশতাত ও দরসে মিশকাত ইত্যাদি কিতাবের সহযোগিতা গ্রহণ করবে।
৫. হাদিাংশ বা হাদিস শরিফে থাকা ছোট ছোট বাক্যের মহল্লে ই’রাব ও তারকিব রপ্ত করবে।
৬. বিভিন্ন হাদিস শরিফ থেকে প্রাপ্ত শিক্ষা-উপদেশ সাজিয়ে-গুছিয়ে লিখবে রপ্ত করবে।