গতকাল থেকে একটানা ঝরে চলেছে রিমঝিম বৃষ্টি। এমন আবহাওয়ায় বাইরে বেরোতে কার ইচ্ছা করে বলুন। মন চায় ঘরে বসে সময় কাটাতে। কিন্তু বুঝতে পারছেন না কীভাবে কাটবে সময়! চিন্তার কিছু নেই। বৃষ্টির দিনে ঘরে বসে সময় কাটানোর দুর্দান্ত কিছু আইডিয়া দেখে নিন-
বসে পড়ুন কবিতার বই নিয়ে
বৃষ্টির দিনে রোমান্টিক পরিবেশে কবিতার বই হতে পারে আদর্শ সঙ্গী। জানালার পাশে চেয়ার নিয়ে বসে যান। বৃষ্টির টুপটাপ শব্দকে সঙ্গী করে কবিতা পড়তে থাকুন। সময়টা দারুণ কাটবে, সন্দেহ নেই।
লিখতে পারেন চিঠি
এসএমএস আর ই-মেইলের যুগে চিঠি লেখা ভুলে গেছেন অনেক আগেই। বৃষ্টির দিনের সুযোগে আগের সেই অভ্যাসটা জাগিয়ে তুলতে পারেন। প্রিয়জনের কাছে লিখতে পারেন চিঠি। হতে পারে সেটা মায়ের কাছে, বোনের কাছে কিংবা প্রাণাধিক স্ত্রীর কাছে।
সময় দিন প্রিয়জনকে
দৈনন্দিন জীবনের ব্যস্ততায় অনেকের পক্ষেই জীবনসঙ্গীকে সময় দেয়া হয়ে ওঠে না। বৃষ্টির দিনের এই সুযোগে তাঁকে সময় দিতে পারেন। তাছাড়া আড্ডা দিতে পারেন মা-বাবার সঙ্গে। প্রিয়জনের সঙ্গেও জমতে পারে আড্ডাটা। সামনা-সামনি তাদের না পেলে অন্তত ফোনেও আড্ডাটা জমতে পারে।