নিজস্ব প্রতিবেদক
মাদরাসার যেসব শিক্ষার্থী নিয়মিত দাখিল পরীক্ষায় অংশ নিতে পারেনি, তাদের জন্য ‘দাখিল প্রাইভেট পরীক্ষা’ চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। এর আওতায় নির্ধারিত শর্ত পূরণকারী শিক্ষার্থীরা ২০২৭ সালের দাখিল প্রাইভেট পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৭ সালের দাখিল প্রাইভেট পরীক্ষার্থীদের নিবন্ধন ও পরীক্ষার ফরম পূরণের কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। শুধু ২০২৭ সালের দাখিল পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্ধারিত মাদরাসা থেকে প্রাইভেট পরীক্ষার্থীদের নিবন্ধন ও ফরম পূরণ করা যাবে।
প্রাইভেট পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীর বয়স ২০২৭ সালের ১ জানুয়ারি তারিখে কমপক্ষে ১৯ বছর হতে হবে। নিবন্ধন ও পরীক্ষার ফরম পূরণের ফি জমা দেওয়া যাবে ৩০ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির শেষ সময় ১৫ সেপ্টেম্বর।
মাদরাসা কর্তৃপক্ষকে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে e-SIF-এ প্রতিষ্ঠানের EIIN ও Entry Password দিয়ে লগইন করতে হবে। এরপর পেমেন্ট অপশনে গিয়ে শিক্ষার্থীর সংখ্যা এন্ট্রি করে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ২৪১ টাকা নিবন্ধন ফি জমা দিতে হবে।
নিবন্ধন ফি জমা হওয়ার পর শিক্ষার্থীদের তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন পাওয়া যাবে। সেখানে প্রযোজ্য প্রাইভেট পরীক্ষার অপশন নির্বাচন করে শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
এন্ট্রি সম্পন্ন হওয়ার পর শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ তথ্যের তালিকা প্রিন্ট করে যাচাই-বাছাই করতে হবে। কোনো ভুল থাকলে Edit অপশনের মাধ্যমে তা সংশোধন করা যাবে। জন্মনিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী শিক্ষার্থীর সব তথ্য সঠিকভাবে এন্ট্রি করতে হবে।
দাখিল প্রাইভেট পরীক্ষার্থীদের নিবন্ধনের মেয়াদ এক বছর নির্ধারণ করা হয়েছে এবং এ নিবন্ধন নবায়নযোগ্য নয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাকরিরত প্রার্থীরা অন্যান্য শর্ত পূরণ করলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নিবন্ধন ও ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
তবে ডাকযোগে বা সরাসরি নিবন্ধন ও পরীক্ষার ফরম পূরণসংক্রান্ত কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদন গ্রহণ বা বাতিলের ক্ষমতা মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
আইও/