মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৫ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
উম্মুল কুরা মহিলা মাদরাসার পরিচালকের মুক্তির দাবিতে মানববন্ধন  প্রধানমন্ত্রীর নৈশভোজে মাওলানা ইসলামাবাদী-ইকরামের নেতৃত্বাধীন জমিয়ত ‘তাহাফ্ফুজে ফিকরে আকাবির’ মহাসম্মেলন ৬ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি: শায়খে চরমোনাই ‘হিজবুল বাহারের জাকাত’ নামে ধর্মীয় অনুষ্ঠান শরিয়তসম্মত নয়: মারকাযুদ দাওয়াহ কেন প্রধানমন্ত্রীর নৈশভোজ বর্জন, কী বলছে জমিয়ত নিউজিল্যান্ডের বৃহত্তম মসজিদ পরিদর্শনে রাবেতা মহাসচিব জাকাত বোর্ডকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ নতুন রাজনৈতিক প্রধান বেছে নিলো হামাস ‘চলো সংসদ’ ঘিরে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট

দাওরায়ে হাদিস পরীক্ষার অনিয়মিত নিবন্ধন শুরু ৪ আগস্ট


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

আল-হাইআতুল উলয়া লিল-জামি'আতিল কওমিয়া বাংলাদেশ ১৪৪৮ হিজরি/২০২৭ সালের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার অনিয়মিত পরীক্ষার্থীদের অনলাইন নিবন্ধনের সময়সূচি ও যোগ্যতা প্রকাশ করেছে। আগামী ২০ সফর ১৪৪৮ হিজরি, মোতাবেক ৪ আগস্ট ২০২৬ থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হবে এবং নির্ধারিত সময় পর্যন্ত চলবে।

পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগের জারি করা এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণকারী অনিয়মিত পরীক্ষার্থীরা নিজ নিজ মাদরাসার মাধ্যমে অনলাইনে নিবন্ধনের সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ ও ২০২৬ সালের (১৪৪৬ ও ১৪৪৭ হিজরি) দাওরায়ে হাদিস পরীক্ষায় সর্বোচ্চ চারটি কিতাবে অকৃতকার্য পরীক্ষার্থীরা কেবল ওই কিতাবগুলোর পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে চারটির বেশি কিতাবে অকৃতকার্য হলে তাদের সব কিতাবের পরীক্ষা দিতে হবে।

একই সময়ে যেসব পরীক্ষার্থী নির্দিষ্ট কিতাবে অনুপস্থিত ছিলেন, তারা শুধুমাত্র অনুপস্থিত কিতাবগুলোর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

এছাড়া ২০২৫ ও ২০২৬ সালের উত্তীর্ণ পরীক্ষার্থীরা মানোন্নয়ন (ইমপ্রুভমেন্ট) পরীক্ষা দিতে পারবেন। তবে সেক্ষেত্রে তাদের সকল কিতাবের পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০১৭ থেকে ২০২৫ সাল (১৪৩৮-১৪৪৬ হিজরি) পর্যন্ত ছয় বোর্ডের অধীনে ফজিলত (মেশকাত) পরীক্ষায় উত্তীর্ণ হলেও যারা এখনো দাওরায়ে হাদীস পরীক্ষায় অংশ নেননি, তারাও অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে নিবন্ধনের সুযোগ পাবেন।

এছাড়া ২০২৫ ও ২০২৬ সালে দারুল উলূম দেওবন্দ অথবা বিদেশের সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফজিলত বা দাওরায়ে হাদিস উত্তীর্ণ শিক্ষার্থীরাও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে পরীক্ষায় অংশ নিতে পারবেন। তাদের অনলাইনে আবেদন করার সময় সংশ্লিষ্ট সনদ বা নম্বরপত্র এবং আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান বরাবর পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি প্রার্থনা করে আবেদনপত্রের অনুলিপি জমা দিতে হবে।

তবে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের দাওরায়ে হাদীস পরীক্ষায় 'যবত' হওয়া পরীক্ষার্থীরা ২০২৭ সালের পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে নিবন্ধনের সুযোগ পাবেন না।

নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। বিলম্বে নিবন্ধনের ক্ষেত্রে ৯০০ টাকা পরিশোধ করতে হবে। সাধারণ নিবন্ধন চলবে ২০ সফর থেকে ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি পর্যন্ত এবং বিলম্ব ফি দিয়ে নিবন্ধন করা যাবে ২০ থেকে ২৯ রবিউল আউয়াল পর্যন্ত।

আল-হাইআতুল উলয়া জানিয়েছে, সকল নিবন্ধন অবশ্যই সংশ্লিষ্ট মাদরাসার মাধ্যমে অনলাইনে সম্পন্ন করতে হবে। কোনো মাদরাসা বা পরীক্ষার্থী নির্ধারিত নিয়মের ব্যতিক্রম করলে পরীক্ষা বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আগ্রহী অনিয়মিত পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ মাদরাসার দায়িত্বশীলদের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ