২০২৫–২৬ অর্থবছরে নতুন বেসরকারি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করতে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হচ্ছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬-এর আলোকে এ আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এবার নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে আবেদন গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে হার্ডকপি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
সোমবার (২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এমপিও শাখার উপসচিব মো. আব্দুল হান্নানের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ২০২৫–২৬ অর্থবছরে নতুন বেসরকারি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার লক্ষ্যে অনলাইনে আবেদন গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬ (ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা টেকনোলজি—বিএমটি ও ডিপ্লোমা) এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬-এর আলোকে এ আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এতে আরও বলা হয়, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে এমপিওভুক্তির আবেদন গ্রহণ করা হবে। নির্ধারিত সময়ের বাইরে কোনো আবেদন গ্রহণ করা হবে না। Online MPO Application শিরোনামে প্রদর্শিত লিংকের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন গ্রহণের জন্য কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইট (www.tmed.gov.bd), কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dte.gov.bd), মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dme.gov.bd) এবং বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)-এর ওয়েবসাইট (www.banbeis.gov.bd) ব্যবহার করা যাবে।
এছাড়া জানানো হয়েছে, এমপিওভুক্তির জন্য সরাসরি হার্ডকপি, ই-মেইল কিংবা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। অনলাইনে প্রদর্শিত নির্দেশিকা অনুসরণ করেই আবেদন করতে হবে। নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের সব কার্যক্রম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে হবে বলেও জানানো হয়েছে।
এমএম/