বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে আহ্বান জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
সোমবার বিকেল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।
উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “ডাকসু নির্বাচন তোমরাই চেয়েছ, গভীরভাবে প্রত্যাশা করেছ। গণতান্ত্রিক মূল্যবোধ ও অন্যায়ের বিরুদ্ধে সমন্বিত কণ্ঠ গড়ে তুলতে আমরা তোমাদের আগ্রহের ভিত্তিতে এ নির্বাচন আয়োজন করেছি। তাই নির্ভয়ে ভোট দিতে এসো, আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি।”