সহিহ বুখারি শেষ করার তাওফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ! যাঁরা এই উম্মতের সবচেয়ে সফল মনীষী ছিলেন, তাঁরা সহীহ বুখারী পড়েছেন, পড়িয়েছেন। প্রকৃতপক্ষে আমাদের মধ্যে তেমন কোনো যোগ্যতা নেই। এটা মুখের কথা নয়, বাস্তবতা। তবু আল্লাহ তাআলা পড়ার তাওফিক দান করেছেন। এর শোকর আদায় করার উপযুক্ত ভাষা নেই। শুধু বলি, اللهم لك الحمد ولك الشكر
এই যে দ্বীন শেখার ও বোঝার সিলসিলাতুয যাহাব- স্বর্ণধারা, যা সাহাবায়ে কেরাম থেকে উলামায়ে দেওবন্দ পর্যন্ত পৌঁছেছে, তার সাথে যুক্ত হওয়া মহাসৌভাগ্যের বিষয়। আমরা নিজেদেরকে এই সোনালি ধারার সঙ্গে সম্পৃক্ত করতে পেরেছি এটা আমাদের বড় পাওয়া। আমরাও ইনশাআল্লাহ সেই নূরানি ধারার একেকটা বিন্দু। اللهم لك الحمد كله ولك الشكر كله، اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك-
রব্বে কারীমের কাছে প্রার্থনা, তিনি যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত এই ধারার সঙ্গে যুক্ত রাখেন। এই ধারার সকল ফুয়ূয ও বারাকাত দান করেন। আমীন।