জামালপুরের ইসলামপুরে বেগুনক্ষেতে সার ছিটানোর সময় বজ্রপাতে আনোয়ার হোসেন (৪৫) নামে এক পল্লি চিকিৎসকের মৃত্যু হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ৪ নম্বর চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন ওই এলাকার সুরুজ আলীর ছেলে। তিনি স্থানীয়ভাবে পল্লী চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুরে আনোয়ার হোসেন নিজ বাড়ির পাশের বেগুনক্ষেতে সার দিতে যান। কাজ করার সময় হঠাৎ ঝোড়ো হাওয়ার সঙ্গে আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
চরপুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুজ্জামান সুরুজ মাস্টার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান কালবেলাকে বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ না থাকলে লাশ দাফনের জন্য পরিবারকে অনুমতি দেওয়া হবে।
আইও/