নিজস্ব প্রতিবেদক
সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণার পর এবার বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এবার বিশেষ, সাধারণ ও সাশ্রয়ী—এই তিন ধরনের প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা।
বুধবার (২২ জুলাই) সকালে রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার প্যাকেজগুলোর বিস্তারিত ঘোষণা করেন। এ সময় হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারসহ সংগঠনের ঊর্ধ্বতন নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বেসরকারি ব্যবস্থাপনায় ঘোষিত তিনটি প্যাকেজেই খাবার ও কোরবানির ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে।
ঘোষিত প্যাকেজগুলো হলো—
বিশেষ প্যাকেজ: ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা।
সাধারণ প্যাকেজ: ৫ লাখ ৯৫ হাজার টাকা।
সাশ্রয়ী প্যাকেজ: ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা।
গত বছরের তুলনায় এবার তিনটি প্যাকেজেরই ব্যয় বেড়েছে। ২০২৬ সালে বিশেষ প্যাকেজের মূল্য ছিল ৭ লাখ ৫০ হাজার টাকা, যা এবার বেড়ে হয়েছে ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা। অর্থাৎ এ প্যাকেজে ব্যয় বেড়েছে ৪১ হাজার ৬০ টাকা।
একইভাবে, সাধারণ প্যাকেজের খরচ গত বছরের ৫ লাখ ২৩ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৫ লাখ ৯৫ হাজার টাকা। ফলে এ প্যাকেজে ব্যয় বেড়েছে ৭২ হাজার টাকা, যা তিনটি প্যাকেজের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি।
অন্যদিকে, সাশ্রয়ী প্যাকেজের খরচ গত বছরের ৫ লাখ ১০ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা। এ প্যাকেজে ব্যয় বেড়েছে ৩ হাজার ৫৪৫ টাকা।
উল্লেখ্য, এর আগে সরকার ২০২৭ সালের হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ ঘোষণা করে। এরপর বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য পৃথক এই তিনটি প্যাকেজ ঘোষণা করল হাব। এবার হজে যেতে ইচ্ছুকরা সরকারি কিংবা বেসরকারি—উভয় ব্যবস্থাপনায় নির্ধারিত প্যাকেজ অনুযায়ী নিবন্ধনের সুযোগ পাবেন।
আইও/