বান্দরবানের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় পুড়ে ছাই হয়েছে অন্তত ৭০ বসতঘর ও দোকানপাট।
শনিবার (১৭ মে) ভোর ৪টায় সময় সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর রাতে হঠাৎ বাজারে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে অধিকাংশ দোকান ও বসতঘরে দাহ্যসামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ভয়াবহ রুপ নেয়। খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাজারের ৭০টি দোকান ও বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।
