হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার বলেছেন, সঠিক পরিকল্পনা ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো গেলে ভবিষ্যতে হজের মোট খরচ ৫ থেকে ৬ লাখ টাকার মধ্যে নামিয়ে আনা সম্ভব।
শনিবার (১৬ মে) সকালে রাজধানীর আশকোনার হাজি ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এবারের হজযাত্রার সার্বিক পরিস্থিতি তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সৈয়দ গোলাম সরওয়ার বলেন, ২০২৭ সালের মধ্যে হজ ফ্লাইটের বিমান ভাড়া কমে প্রায় ১ লাখ টাকায় নেমে আসতে পারে। একইসঙ্গে বিভিন্ন পর্যায়ে অতিরিক্ত খরচ কমানো গেলে হজযাত্রীদের সামগ্রিক ব্যয়ও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
সংবাদ সম্মেলনে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার জানান, স্বল্প সময়ের মধ্যে মোয়াল্লেম চুক্তি, বাড়ি ভাড়া, পরিবহন ব্যবস্থা ও তাঁবু নির্বাচনসহ নানা জটিল কাজ সম্পন্ন করতে হয়েছে। তবে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এবারের হজ ব্যবস্থাপনা সফলভাবে সম্পন্ন করা গেছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ধর্ম মন্ত্রণালয়, হজ অফিস ও হাবের সমন্বিত প্রচেষ্টায় হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে।
গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। উদ্বোধনী ফ্লাইটের কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
হজ অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরব যাচ্ছেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ শেষে আগামী ৩০ মে থেকে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ৩০ জুন শেষ ফ্লাইট ঢাকায় পৌঁছাবে।
জেডএম/
