মাদারীপুরের শিবচর উপজেলাকে শতভাগ মাদকমুক্ত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। কোনো মাদক কারবারিকে ধরিয়ে দিতে পারলে তথ্যদাতা বা সহযোগী ব্যক্তিকে নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
রোববার (১০ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় এ ঘোষণা দেন এমপি হানজালা।
ভিডিওবার্তায় তিনি মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা তুলে ধরে বলেন, আপনারা আমাকে ভালোবেসে ভোট দিয়েছেন। সেই আস্থার প্রতিদান দিতে আমরা কাজ করছি। যুবসমাজ ও দেশকে রক্ষা করতে হলে সমাজকে অবশ্যই মাদকমুক্ত করতে হবে।
তিনি আরও বলেন, প্রশাসনের সহযোগিতা থাকুক বা না থাকুক, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজনে সংসদ সদস্য হিসেবে তিনি নিজেও মাঠপর্যায়ে সরাসরি অংশ নেবেন।
মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে এমপি হানজালা বলেন, আমার দলের কেউ হোক কিংবা প্রভাবশালী কোনো ব্যক্তি—মাদকের সঙ্গে জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না। কোনো পরিচয় বা রাজনৈতিক প্রভাব কাজে আসবে না। শিবচরকে মাদকমুক্ত করতে যা প্রয়োজন, আমি তাই করব।
স্থানীয় জনগণকে মাদকবিরোধী অভিযানে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা যার যার অবস্থান থেকে মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিন। কেউ যদি মাদকসহ কোনো কারবারিকে পাকড়াও করতে পারে, তাকে এমনভাবে পুরস্কৃত করা হবে যাতে সে সন্তুষ্ট হয়।”
এ সময় তিনি আরও জানান, নির্বাচনের আগে শুরু হওয়া মাদকবিরোধী কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং শিবচরকে একটি নিরাপদ ও মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
আইও/