কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত এবং দেশের চামড়া শিল্প রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে সিলেট বিভাগের কওমি মাদরাসাগুলো। সরকার দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে চলতি বছর কোরবানির চামড়া সংগ্রহ থেকে সম্পূর্ণ বিরত থাকার ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্ট আলেমরা।
রোববার (১১ মে) দুপুরে সিলেট মহানগরের সোবহানীঘাটস্থ এদারা ভবনে সিলেট বিভাগ কওমি মাদরাসা সংরক্ষণ পরিষদের উদ্যোগে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন এদারার মহাসচিব ও পরিষদের আহ্বায়ক মাওলানা আব্দুল বাছির। লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সদস্য সচিব ও সিলেট বন্দরবাজার জামে মসজিদের খতিব মাওলানা মোশতাক আহমদ খান।