পবিত্র ঈদুল আজহার দিন ( ৭ জুন ) শনিবার বেলা ২টা থেকে রাজধানীর বিভিন্ন স্থানে ঢাকা উত্তর সিটির সিটি করপোরেশন (ডিএনসিসি) আনুষ্ঠানিকভাবে কোরবানির বর্জ্য অপসারণের কাজ শুরু করেছিল।
এদিনের মধ্যেই বর্জ্য অপসারণের কথা থাকলেও আজ (৮ জুন রোববার) সরেজমিনে দেখা যায়, কোথাও কোথাও সড়কের অর্ধেকজুড়ে কোরবানির পশুর বর্জ্য জমে আছে। পচতে শুরু করা বর্জ্য থেকে দুর্গন্ধ ছড়িয়ে আশেপাশের পরিবেশ ভারি করে তুলছে।এর মধ্যে উল্লেখযোগ্য জায়গা হলো পীরের বাগ এলাকা, মিরপুর ৬০ ফুট এলাকা, মধ্যমণিপুর, পশ্চিম আগারগাঁও এলাকা।
অথচ গতকাল রাত সাড়ে ১০টার কিছু পরে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে জানিয়ে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের হালনাগাদ তথ্য জানিয়েছিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগ।
