বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


আলেমরাই উম্মাহর দরদি রাহবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গোটা উম্মাহকে হেদায়েতের আলোয় স্নাত করতে এবারও তুরাগ তীরে বসেছে আল্লাহপ্রেমিকদের মিলনমেলা। দীনদরদি মুসলমানেরা এখানে সমবেত হয়েছেন আলোর দিশা পেতে। দাওয়াত ও তাবলিগের মেহনতের যে ধারা প্রবহমান সেটা এই ইজতেমার মাধ্যমে নতুন গতি পায়। নবী-রাসুলদের থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া এই কাজের প্রধান রাহবার উলামায়ে কেরাম। উম্মাহর জন্য তাদের অন্তরে রয়েছে বিশেষ দরদ। এজন্য আলেমদের তত্ত্বাবধানে দীনে এই কাজ পরিচালিত হলেই মনজিলে মাকসুদে পৌঁছা সহজ হবে।  প্রতিবেদনটি তৈরি করেছেন কাউসার লাবীব

দাওয়াত ও তাবলিগে বড়ত্বের কোনো স্থান নেই
হাফেজ মাওলানা মুফতি রুহুল আমীন
-খতিব, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ

প্রচলিত দাওয়াত ও তাবলিগের এই কাজ আল্লাহর পক্ষ থেকে ইলহামিভাবে এসেছে। হজরতজি মাওলানা ইলিয়াস কান্ধলভি রহ.-এর দিলে আল্লাহ তায়ালা এই মেহনতের তাকাজা তৈরি করে দিয়েছিলেন। যার মাধ্যমে তিনি আল্লাহবিমুখ বান্দাদের আল্লাহর সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করেছেন। আল্লাহ তায়ালার অশেষ রহমতে এই কাজ এখন বিশ্বের আনাচে-কানাচে ছড়িয়ে পড়েছে।
মাওলানা ইলিয়াস রহ. যখন এই মেহনত শুরু করেন তখন তাঁর অন্যতম ইচ্ছে ছিল, ‘প্রত্যেক জামাতে যেন একজন করে আলেম থাকে; যার ফলে এই কাজ ফলপ্রসূ হবে।’ আলহামদুলিল্লাহ, আমরা দেখছি সারা বিশ্বে বিশেষ করে আমাদের বাংলাদেশে সঠিক উসুলের ওপর থাকা আলেমরা ব্যাপকভাবে এই কাজের সঙ্গে জুড়ে রয়েছেন। এর ফলে ইলিয়াস রহ.-এর মানসাও পূরণ হচ্ছে আর সাধারণ মানুষও আলেমদের সোহবতে দাওয়াত ও তাবলিগের সঠিক মেহনতে যুক্ত থাকতে পারছে।