মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮


নর্দার্ন হাসপাতালে এডিসের লার্ভা; ১ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধানমণ্ডি ১৫ নম্বরস্থ নর্দার্ন হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ১১টি নির্মাণাধীন ভবন ও প্রতিষ্ঠানকেও জরিমানা করা হয়।

মঙ্গলবার (১০ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২ জন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (আনিক) অভিযানে এ জরিমানা আদায় করা হয়।

দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মধ্যে অঞ্চল-১ এর আওতাধীন ধানমণ্ডি ও বাংলামোটর এলাকায় মাহফুজুল আলম মাসুম, অঞ্চল-২ এর আওতাধীন এজিবি ও ওয়াসা কলোনিতে মোহাম্মদ আলমগীর হোসেন, অঞ্চল-৩ এর আওতাধীন কামরাঙ্গীরচরের মাতবর বাজারে তৌহিদুজ্জামান পাভেল, অঞ্চল-৫ এর আওতাধীন উত্তর ও পশ্চিম যাত্রাবাড়িতে মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া এবং জুরাইনের আলমবাগে শাহিন রেজা, অঞ্চল-৮ এর আওতাধীন ডেমরার বাউনিয়া জুট মিল ও ডেমরা মহিলা কলেজে কাজী হাফিজুল আমিন এবং অঞ্চল-১০ এর আওতাধীন শেখদী, শনির আখড়া গোবিন্দপুর এলাকায় বিকাশ বিশ্বাস এসব অভিযান পরিচালনা করেন।

এছাড়াও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের (আনিক) মধ্যে অঞ্চল-১ এর মেরীনা নাজনীন ধানমণ্ডি, হাতিরপুল, সোনারগাঁও ও কলাবাগানে এবং অঞ্চল-৩ এর আনিক বাবর আলী মীর আজিমপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

পরিচালিত ভ্রাম্যমাণ আদালতগুলো এ সময় মোট এক হাজার ১১৮টি নির্মাণাধীন ভবন, বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন এবং মশার লার্ভা পাওয়ায় ১১টি নির্মাণাধীন ভবন, বাসা-বাড়ি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১১টি মামলার বিপরীতে সর্বমোট ১ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অভিযানে প্রসঙ্গে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন বলেন, ‘আজকের (মঙ্গলবার) অভিযানে আমাদের লোকবলকে মোট ৮টি উপদলে বিভক্ত করে আট শতাধিক বাড়িতে চিরুনি অভিযান পরিচালনা করেছি। এ সময় বেজমেন্টে মশার লার্ভা পাওয়ায় নর্দান হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। হাসপাতালের মতো জায়গায় যদি এ ধরনের পরিবেশ বিরাজ করে তবে তা জনস্বাস্থ্যের জন্য শুভবার্তা হতে পারে না। তাই নর্দার্নকে জরিমানার মাধ্যমে অন্যান্য হাসপাতালগুলোকেও আমরা একটি বার্তা পৌঁছে দিতে চাই - দয়া করে আপনারা আপনাদের ছাদ ও বেজমেন্টে নজর দিন। মশার লার্ভা জন্মাতে পারে এমন পরিবেশ বিরাজ করলে তবে সেসব উৎস ধ্বংস করুন।’

এছাড়াও অভিযানকালে আরও ১২টি স্থাপনা ও বাসা-বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়ায় তা ধ্বংস করা হয় এবং সেসব বাড়ির মালিককে সতর্ক করা হয়। এডিসের লার্ভা বিরোধী অভিযানের পাশাপাশি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ