আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড কারখানার আগুনে পুড়ে ৫২ জনের মৃত্যুর ঘটনায় করা মামলার তদন্তভার পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার (১৬ জুলাই) বেলা ১২টার দিকে সিআইডির অতিরিক্ত উপমহাপরিদর্শক ইমাম হোসাইন একটি দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানানো হয়েছে।
এর আগে, অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছিল। মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর হওয়ায় গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর মামলাটি হস্তান্তরের নির্দেশ দিয়েছিল। নির্দেশনা অনুযায়ী মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে সিআইডি নারায়ণগঞ্জ কার্যালয়ের বিশেষ পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, পুলিশ সদর দপ্তরের নির্দেশে মামলাটি সিআইডিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। যথাযথ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গত ৮ জুলাই (বৃহস্পতিবার) জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের কর্ণগোপ এলাকায় হাসেম ফুড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। ওই ঘটনায় জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করে।
এ ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবুল হাসেম, তার চার ছেলে তার চার ছেলে হাসিব বিন হাশেম (এমডি), তারেক ইব্রাহিম (পরিচালক), তাওসিফ ইব্রাহিম (পরিচালক), তানজিম ইব্রাহিম (পরিচালক), ডেপুটি জেনারেল ম্যানেজার মামুনুর রশীদ, প্রশাসনিক কর্মকর্তা (এডমিন) সালাউদ্দিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহেনশা আজাদ জুম্মনকে।
-এএ