আওয়ার ইসলাম ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বিশ্বের শক্তিশালী অনেক রাষ্ট্র আজ করোনায় বিপর্যস্ত। বাংলাদেশেও সেই ঢেউ লেগেছে। করোনা মোকাবিলায় সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
‘আগামী বছরের এপ্রিল মাসের মধ্যে দেশে সাত কোটি ভ্যাকসিন আসবে। দেশের ৮০ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হবে। লকডাউনের কারণে কর্মহীন মানুষের ঘরে ঘরে প্রধানমন্ত্রীর নির্দেশে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। করোনা মহামারির সময়ে সরকার মানুষের পাশে আছে।’
শুক্রবার (১৬ জুলাই) বিকেলে নাটোরের সিংড়া পৌরসভা এলাকায় এক হাজার পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাল বিতরণ এবং উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৪০টি করোনা বুথ স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আজকের এই দিনে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিলো একটি গোষ্ঠী। কিন্তু দীর্ঘ ১১ মাস জেলে থাকার পর জননেত্রী শেখ হাসিনা কারা থেকে মুক্তি লাভ করেন। এতে জনগণের অধিকার ফিরে আসে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র ফিরে এসেছে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। তার শাসনামলে দেশে অভূতপুর্ব উন্নয়ন হয়েছে। বিশ্বের বুকে বাংলাদেশ এখন রোল মডেল।
তিনি বলেন, সরকার গৃহহীনদের বাড়ি করে দিচ্ছে। স্বাধীনতার ৫০ বছর পর আওয়ামী লীগ সরকার এমন মহৎ উদ্যোগ নিয়েছে, যা বিগত কোনো সরকার নিতে পারেনি। বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন পূরণে কাজ করছে সরকার। স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করা হচ্ছে। কোনো প্রকার অনিয়ম, দুর্নীতি সরকার বরদাশত করবে না। সরকারের কোনো কাজে এখনও কোথাও কোনো অনিয়ম ও দুর্নীতি হয়নি।
প্রতিমন্ত্রী আরও বলেন, কোরবানির পশুর হাটে হাটে করোনার র্যাপিড অ্যান্টিজেন্ট টেস্ট করা হবে। ইতোমধ্যে অনলাইনে গরুর হাটের ব্যবস্থা করা হয়েছে। এর বাইরে গরুর হাটে জীবাণুনাশক বুথ স্থাপন করা হবে। তিনি বলেন, মাস্ক পড়ার জন্য সবার সচেতন হতে হবে। মাস্ক না পড়লে সংক্রমণ আরো বেড়ে যাবে। এজন্য কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জীবন রক্ষায় সচেতনতা আবশ্যক। আমাদের নিজেকে সুরক্ষার দায়িত্ব নিজেকেই নিতে হবে।
তিনি বলেন, এক লাখ মাস্ক বিতরণ করা হয়েছে। এবার কোরবানি ঈদ উপলক্ষে দুই লাখ মাস্ক বিতরণ করা হবে।
-এএ