সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭


হাইকোর্টে বাছিরের জামিন শুনানি আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছিরের জামিন চেয়ে করা আবেদনের হাইকোর্টের শুনানি আজ। দুর্নীতি মামলায় তার এই জামিন শুনানি হবে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

বৃহস্পতিবার (২৪ জুন) হাইকোর্টের বিচারপতি মুহা. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে শুনানি হবে।

এর আগে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিন আবেদন করেন আইনজীবী জাহেদুল আলম। জামিনের পক্ষে শুনানি করবেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

গত ২৯ এপ্রিল ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম তার জামিন আবেদন খারিজ করেন। এই খারিজ আদেশের পর ১৬ জুন হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন এনামুল বাছির।

২০১৯ সালের ২২ জুলাই দিবাগত রাত পৌনে ১১টার দিকে দুদকের পরিচালক ফানাফিল্যাহর নেতৃত্বে একটি টিম মিরপুরের দারুসসালাম এলাকা থেকে এনামুল বাছিরকে গ্রেফতার করে।

পরের দিন ২৩ জুলাই জামিন আবেদন নামঞ্জুর করে ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই সঙ্গে বাছিরকে ডিভিশন দেয়ার জন্য আবেদন করলে আদালত কারা কর্তৃপক্ষকে জেল কোড অনুযায়ী ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

অবৈধভাবে সম্পদ অর্জন, কমিশনের তথ্য পাচার ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খন্দকার এনামুল বাছিরকে এর আগে সাময়িকভাবে বরখাস্ত করে সংস্থাটি। ২০১৯ সালের ১৬ জুলাই ৪০ লাখ টাকার ঘুষ কেলেঙ্কারির অভিযোগে পুলিশের বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান ও বাছিরের বিরুদ্ধে মামলা করে দুদক।

দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুদকের পরিচালক ও অনুসন্ধান দলের নেতা শেখ মো. ফানাফিল্যাহ বাদী হয়ে মামলাটি করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ