মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭


নির্দোষ আরমানকে গ্রেফতারে ৭ পুলিশ কর্মকর্তা দায়ী: পিবিআই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত শাহাবুদ্দিন বিহারির পরিবর্তে রাজধানীর পল্লবীর নিরাপরাধ যুবক মো. আরমানকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ঘটনায় সাত পুলিশ কর্মকর্তাকে দায়ী করে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত কমিটি।

তদন্ত কমিটির প্রধান পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ খোরশেদ আলমের নেতৃত্বে তিন সদস্যের কমিটির দেয়া এ প্রতিবেদন সোমবার আদালতে দাখিল করা হয়েছে।

আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে বিচারপতি মুহা. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মুহা. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে বলে জানিয়েছেন আরমানের আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব।

প্রতিবেদনে যাদেরকে দায়ী করা হয়েছে- পল্লবী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক মুহা. নজরুল ইসলাম, আরেক ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মুহা. দাদন ফকির, মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা সাবেক এসআই বর্তমানে পরিদর্শক সিরাজুল ইসলাম খান, আরমানকে গ্রেফতারে অভিযান পরিচালনাকারী টিম প্রধান সাবেক এসআই (বর্তমানে পরিদর্শক) মুহা. রাসেল, সাবেক এএসআই (বর্তমানে এসআই) হযরত আলী, তৎকালীন ডিউটি অফিসার সাবেক এসআই (বর্তমানে পরিদর্শক) মনিয়ারা আক্তার এবং সাবেক এএসআই (বর্তমানে অবসরে) খান ইমদাদুল হক। তারা কে কীভাবে দায়িত্ব পালনে অবহেলা করেছেন তা প্রতিবেদনে বলা হয়েছে।

তদন্ত প্রতিবেদনে ভবিষ্যতে এরকম পরিস্থিতি এড়াতে চার দফা সুপারিশ করা হয়েছে। সুপারিশগুলো হলো- ১. আসামির নামের সঙ্গে তার পিতা-মাতার নাম সঠিকভাবে লিখতে হবে। ২. আসামিকে গ্রেফতারের পর তার ছবি ধারণ করতে হবে। ৩. আসামির সঠিক নাম-ঠিকানা যাচাইয়ের জন্য অনুসন্ধান স্লিপের(ই/এস) সঙ্গে আসামির ছবি সংযুক্ত করতে হবে। বর্তমানে প্রচলিত অনুসন্ধান স্লিপের পরিবর্তে তদন্ত কমিটির প্রস্তাবিত ফরম ব্যবহার করতে হবে। এজন্য ওই ফরম ছাপিয়ে সকল থানায় সরবরাহ করতে হবে। এবং ৪. আসামির জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট (যদি থাকে), ড্রাইভিং লাইসেন্স (যদি থাকে) এবং জন্মনিবন্ধন সংযুক্ত করতে হবে।

হাইকোর্ট গত বছর ৩১ ডিসেম্বর এক রায়ে আরমানকে বেআইনিভাবে আটকের ঘটনায় দায় নিরূপণে তদন্ত করে আদালতে প্রতিবেদন দিতে পিবিআইয়ের উপ-মহাপরিদর্শককে (ডিআইজি) নির্দেশ দেয়া হয়। এই নির্দেশে পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ খোরশেদ আলমের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটির প্রতিবেদন আজ হাইকোর্টে দাখিল করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ