আওয়ার ইসলাম ডেস্ক: নির্বাচনের সঙ্গে করোনা ভাইরাসের ছড়িয়ে পড়ার কোনো সম্পর্ক নেই দাবি করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, নির্বাচন হলেই করোনা বাড়ে, এমন নজির নেই।
আজ রোববার সকাল ১১টায় মাদারীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, করোনাকে আমরাও গুরুত্ব দিচ্ছি। যেখানে করোনা সংক্রমণের হার বেড়ে যাবে, সেখানেই নির্বাচন বন্ধ করা হবে। করোনা সাথে নির্বাচন কোনো সাংঘর্ষিক বিষয় নয়। আর করোনা সংক্রমণ সম্প্রসারণের একমাত্র মাধ্যম নয়। ইতোমধ্যে তা প্রমাণিত।
তিনি বলেন, রাজশাহীতে কোনো নির্বাচন নেই, অথচ সেখানে করোনা সংক্রমণের হার বেশি। এ ছাড়া ভারতের যেসব রাজ্যে করোনার হার বেশি, সেখানে নির্বাচন হয়নি। নির্বাচন যেখানে হয়েছে, সেখানে করোনা তেমন প্রভাব পড়েনি।
যেসব ইউনিয়ন পরিষদের মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেগুলোতে করোনা সংক্রমণের হার বিবেচনা করে শিগগিরই নির্বাচন দেয়া হবে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন নিয়ে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। নির্বাচনে করোনা খুব প্রভাব ফেলতে পারবে না। ইতোমধ্যে যেসব ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে, সেখানে করোনার হার কমে আসলে নির্বাচন হবে। আমরা যেমন দৈনিক বাজার করি, অফিসে যাই, কাজ করি, ঠিক তেমনিভাবেই নির্বাচন হবে। নির্বাচন হলেই যে করোনা বাড়ে এমন নজির নেই।
-এএ