আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর লালবাগ, তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পৃথক অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘আকাশ গ্রুপ’ ও ‘সামী গ্রুপে’র ১৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
বুধবার (৯ জুন) রাত থেকে বৃহস্পতিবার (১০ জুন) সকাল পর্যন্ত র্যাব-২ এর একাধিক অভিযানে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র। তারা ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িত বলে র্যাব জানায়।
গ্রেফতারকৃতরা হলো – মুহা. আকাশ (২৭), ফয়সাল মাহমুদ (২৬), মুহা. ইমরান (১৯), মুহা. মিরাজুল করিম (২৩), মামুনুর রশিদ চৌধুরী ওরফে জনি (৩০), ফারহান আহমেদ (২৩), মুহা. আল আমিন(২৬), মাসুদ রানা ওরফে রাজ (২৪), মুহা. নাহিদ (১৮), মুহা. শান্ত (১৮), মুহা. রাব্বি আল মামুন (২৩), মুহা. ফেরদৌস (১৮), মুহা. সামি (১২), মুহা. সাগর(১৩), মুহা. আশিকুল ইসলাম (১২), মুহা. আলভি(১৪), মুহা. শান্ত (১৩), মুহা. নয়ন (১৩)।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে ১০টি ছুরি, ৩টি ড্যাগার, ২টি ক্ষুর, ২টি এন্টিকাটার ব্লেড, ২টি তালা ভাঙ্গার যন্ত্র, ২টি গ্রিল কাটার যন্ত্র এবং ৮টি মোবাইল জব্দ করা হয়।
র্যাব-২ এর সহকারী পরিচালক ফজলুল হক বলেন, গ্রেফতারকৃতরা স্থানীয়ভাবে পরিচিত কিশোর গ্যাং ‘আকাশ গ্রুপ’ ও ‘সামী গ্রুপে’র সদস্য। আসামিরা ডাকাতি, ছিনতাই, মাদক সেবন, ইভটিজিং, চাঁদাবাজিসহ নানা অপকর্মের সাথে জড়িত। টিকটক, লাইকিসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রেফতারকৃতরা অশ্লীল ভিডিও শেয়ার ও তৈরির মাধ্যমে ভাইরাল হওয়াসহ বিভিন্ন বয়সী নারীদের সাথে অবৈধ সম্পর্ক স্থাপনের মতো অনৈতিক কাজে জড়িত বলে স্বীকার করেছে।
নিজেদের গ্রুপের আধিপত্য বজায় রাখার জন্য অন্যান্য কিশোর গ্যাংয়ের সাথে মারামারিসহ নানা সশস্ত্র সংঘর্ষেও তারা জড়িত র্যাব জানায়।
-এএ