মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭


ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা অব্যাহত আছে: পররাষ্ট্র মন্ত্রণালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসরায়েল ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশের পক্ষ নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ রোববার বিকালে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এর আগে আজ রোববার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপ-মহাপরিচালক গিলাড কোহেন টুইটার বার্তায় বলেন, ‘অনেক বড় খবর! ইসরায়েলের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে বাংলাদেশ। এটি প্রশংসনীয় উদ্যোগ এবং আমি বাংলাদেশ সরকারের প্রতি সামনে অগ্রসর হওয়ার ও ইসরায়েলেরে মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার আহ্বান জানাবো, যাতে আমাদের উভয় দেশের জনগণ লাভবান ও সমৃদ্ধ হতে পারে।’ এই পোস্টের সঙ্গে বাংলাদেশের পাসপোর্টের দুটি কপির (সংশোধনের আগের ও পরের) ছবিও সংযুক্ত করেন তিনি।

বিষয়টি নিয়ে বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যমে খবর প্রকাশের পরই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন বিবৃতি দেওয়া হলো।

এতে বলা হয়েছে, ইসরায়েলের প্রতি বাংলাদেশের অবস্থান তথা পররাষ্ট্র নীতির বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা এখনো বলবত আছে। সম্প্রতি বাংলাদেশ ই-পাসপোর্ট থেকে ইসরায়েলে ভ্রমণে নিষেধাজ্ঞা সংক্রান্ত যে বক্তব্যটি ছিল সেটি বাদ দিয়েছে, সেটাই এই ভুল ধারণা তৈরির কারণ বলে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো বলা হয়, ফিলিস্তিনের ওপর সাম্প্রতিক সময়ে ইসরায়েল যে হামলা চালিয়েছে তার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘের রেজ্যুলেশন অনুযায়ী দুই রাষ্ট্র (ফিলিস্তিন-ইসরায়েল) নীতির প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশের পাসপোর্টে এতদিন লেখা ছিল- ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড অ্যাকসেপ্ট ইসরায়েল’। কিন্তু বর্তমানে নতুন যে ই-পাসপোর্ট দেওয়া হচ্ছে তাতে লেখা আছে- ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড’। অর্থাৎ আগের পাসপোর্ট থেকে ‘অ্যাকসেপ্ট ইসরায়েল’ শব্দদ্বয় বাদ দেওয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ