সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা-বঙ্গবন্ধু সেতু পূর্ব-তারাকান্দি-জামালপুর-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন ‘জামালপুর-এক্সপ্রেস’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে একগুচ্ছ উন্নয়ন কাজের সঙ্গে নতুন এই ট্রেনটি বাঁশিতে ফু দিয়ে পতাকা উড়িয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

রেলপথ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জামালপুর এক্সপ্রেস ঢাকা ছাড়বে সকাল সাড়ে ১০টায়, জামালপুর পৌঁছাবে বিকাল ৪ টা ৫ মিনিটে। এই এক্সপ্রেসটি জামালপুর ছাড়বে বিকেল ৫ টা ৪৫ মিনিটে এবং তা ঢাকা এসে পৌঁছাবে রাত সাড়ে ১১টায়। ট্রেনের বিরতি স্টেশনের নাম সমূহ- বিমানবন্দর, জয়দেবপুর, টাঙ্গাইল, বঙ্গবন্ধু সেতু পূর্ব, ভূঞাপুর, হেমনগর, এ্যাডভোকেট মতিউর রহমান, তারাকান্দি ও সরিষাবাড়ি।

জামালপুর এক্সপ্রেস ট্রেনটিতে এসি চেয়ার ১১০টি ও শোভন চেয়ার ৫১০টিসহ সর্বমোট ৬২০ টি আসনের ব্যবস্থা থাকবে। ট্রেনটির সাপ্তাহিক বন্ধের দিন হবে রবিবার।

মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়েছে, জামালপুর হতে ঢাকা পর্যন্ত রেলপথে ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনটি প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহে চালু হচ্ছে। তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু পূর্ব-টাঙ্গাইল হয়ে নতুন রুটে ঢাকা-জামালপুরের মধ্যে আন্তঃনগর এ ট্রেনটি পরিচালনার মাধ্যমে দেশের মধ্যাঞ্চলের একটি বৃহৎ জনগোষ্ঠীর রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ অঞ্চল সমূহের সঙ্গে যোগাযোগের সুযোগ সৃষ্টি হবে এবং কৃষি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি সাধন করতে পারবে।

নতুন এই ট্রেনে ব্যবহৃত মিটারগেজ কোচসমুহ এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ‘বাংলাদেশ রেলওয়ের জন্য মিটারগেজ ও ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহ’ শীর্ষক প্রকল্পের আওতায় প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইন্দোনেশিয়ার পিটি ইনকা হতে সংগৃহীত। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এ কোচ দ্বারা আন্তঃনগর ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেন চালুর মধ্য দিয়ে রেল ব্যবস্থায় বাংলাদেশ রেলওয়ের আরো একধাপ এগিয়ে যাবে। অত্যাধুনিক যাত্রী সুবিধা সম্বলিত প্রতিটি কোচ স্টেইনলেস স্টীলের তৈরি।

ট্রেনটিতে প্রতিবন্ধী যাত্রীদের হুইল চেয়ারসহ চলাচলের সুবিধার্থে থাকছে মেইন দরজা ও টয়লেট ব্যবস্থাসহ নির্ধারিত আসন সুবিধা। শীতাতপ নিয়ন্ত্রিত কোচে রয়েছে পরিবেশবান্ধব বায়ো-টয়লেট এবং আধুনিক ও উন্নত মানের রুফ মাউন্টেড এয়ার কন্ডিশনার ইউনিট সম্বলিত শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা।

এদিকে একই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অন্য উন্নয়ন কাজের সঙ্গে ঢালারচর-পাবনা-রাজশাহী রুটে ‘ঢালারচর’ এক্সপ্রেস ও ফরিদপুর রুটে ‘রাজবাড়ী এক্সপ্রেস’ ট্রেনের রুট বর্ধিতকরণ এবং চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে উদয়ন ও পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে নতুন কোচ সংযোগ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরনো কোচ বদলে পাহাড়িকায় ১৪টি এবং উদয়নে ১৩টি নতুন কোচ সংযোজন করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ