বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু চিকিৎসকদের বিসিএসে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশ তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১

আস্থাহীনতায় বিপাকে, ১০ হাজার কোটি তারল্য সহায়তা চায় ইসলামী ব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে চলমান বিতর্কের মধ্যে ব্যাংকটিতে তারল্য চাপের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে গ্রাহকরা ব্যাংক থেকে প্রায় ৪ হাজার কোটি টাকার আমানত তুলে নিয়েছেন। এ পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়েছে ইসলামী ব্যাংক।

ব্যাংকের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ইসলামী ব্যাংকের চলতি হিসাব (প্রিন্সিপাল অ্যাকাউন্ট) এখনো ইতিবাচক অবস্থানে থাকলেও নগদ জমা সংরক্ষণ (সিআরআর) ঘাটতি তৈরি হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, বাংলাদেশ ব্যাংকে আমাদের প্রিন্সিপাল অ্যাকাউন্টে আগে প্রায় ৭ হাজার ১৫ কোটি টাকা জমা ছিল। গ্রাহকদের ব্যাপক আমানত উত্তোলনের কারণে তা কমে বর্তমানে প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকায় নেমে এসেছে। ফলে সিআরআর সংরক্ষণের নির্ধারিত সীমার নিচে চলে যাওয়ায় ঘাটতি দেখা দিয়েছে। এ অবস্থায় ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়ে বাংলাদেশ ব্যাংকে আবেদন করা হয়েছে।

ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা জানান, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে এস আলম গ্রুপের বিপুল ঋণ বিতরণকে কেন্দ্র করে ইসলামী ব্যাংক তারল্য সংকটে পড়ে। ওই সময় ব্যাংকটি সিআরআর ঘাটতিতে পড়ে এবং কেন্দ্রীয় ব্যাংকের চলতি হিসাবে প্রয়োজনীয় অর্থ সংরক্ষণেও ব্যর্থ হয়।

তবে অন্তর্বর্তী সরকারের সময়ে ব্যাংকটি ধীরে ধীরে সংকট কাটিয়ে ওঠে। কয়েক মাসের ব্যবধানে সিআরআর ঘাটতি থেকে বেরিয়ে আসার পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের হিসাবেও পর্যাপ্ত অর্থ সংরক্ষণ করতে সক্ষম হয়।

কিন্তু নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর আবারও ব্যাংকটিকে ঘিরে অস্থিরতা দেখা দেয়। গত ২৪ মে বাংলাদেশ ব্যাংকের পরামর্শে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। একই দিন রাতে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এরপর থেকেই তাঁর নিয়োগের প্রতিবাদ জানিয়ে একদল গ্রাহক ও শেয়ারহোল্ডার বিভিন্ন ব্যানারে কর্মসূচি পালন করে আসছেন। আন্দোলনকারীরা চেয়ারম্যান পদে খুরশীদ আলমের নিয়োগ বাতিলের দাবি জানিয়ে টানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবারও টানা নবম দিনের মতো ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, ইসলামী ব্যাংক সিআরআর ঘাটতির কারণে তারল্য সহায়তা চেয়ে আবেদন করেছে। তবে আবেদনটি পর্যালোচনাধীন রয়েছে এবং এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

প্রতিনিধি/আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ