রবিবার, ২৪ মে ২০২৬ ।। ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৭ জিলহজ ১৪৪৭


পাকিস্তানে চলন্ত ট্রেনে ভয়াবহ বিস্ফোরণ: শতাধিক হতাহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পাকিস্তানের সামরিক বাহিনীর সদস্যদের বহনকারী একটি ট্রেনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭০ জন। 

রোববার (২৪ মে) দেশটির সহিংসতা-কবলিত বেলুচিস্তানের রাজধানী কোয়েটার চামান ফাটক স্টেশনের কাছে বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটে।

দেশটির রেলওয়ে কর্মকর্তারা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি উর্দুকে বলেছেন, বিস্ফোরণের এই ঘটনায় ট্রেনের তিনটি বগি ও ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে এবং দু’টি বগি উল্টে গেছে। ঈদের ছুটিতে বাড়ি ফেরা সামরিক বাহিনীর সদস্য ও তাদের পরিবারকে বহন করছিল শাটল ট্রেনটি। ওই সময় সেখানে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে। কয়েক দশক ধরে স্বাধীনতার দাবিতে আন্দোলন করে আসা সশস্ত্র এই গোষ্ঠী বলেছে, তাদের সদস্যরা সৈন্য ও তাদের পরিবারকে লক্ষ্য করে ট্রেনে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। তবে দেশটির সরকারি কর্মকর্তারা এখনও বিএলএর হামলার বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করেননি।

ঘটনাস্থলের ছবিতে পুড়ে ও দুমড়ে-মুচড়ে যাওয়া বগি এবং আশপাশের একাধিক গাড়ির পাশাপাশি একটি ভবনে বোমার আঘাতে সৃষ্ট ক্ষয়ক্ষতির দৃশ্য দেখা গেছে। 

নাসির আহমেদ নামের স্থানীয় এক বাসিন্দা বিবিসিকে বলেন, ট্রনটি চলন্ত অবস্থায় বিস্ফোরণ ঘটেছে এবং ভেতরে যাত্রী ছিলেন। সকালের দিকের এই বিস্ফোরণের সময় পরিবারের সদস্যরা ঘুমাচ্ছিলেন এবং বিস্ফোরণে তার ঘরের সব জানালার কাচ ভেঙে গেছে।

বেলুচিস্তানের এক পুলিশ কর্মকর্তা বিস্ফোরণে ২৪ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন। বিস্ফোরণের এই ঘটনায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ওই হামলার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, সন্ত্রাসীদের এই ধরনের কাপুরুষোচিত কর্মকাণ্ড পাকিস্তানের জনগণের সংকল্পকে দুর্বল করতে পারবে না।

তিনি আরও বলেন, এই শোকের মুহূর্তে পুরো জাতি বেলুচিস্তানের জনগণের পাশে রয়েছে। হতাহতদের চিকিৎসা দেওয়া হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, ট্রেনে থাকা যাত্রীরা কাছের একটি সামরিক ক্যাম্প থেকে কোয়েটার প্রধান রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিলেন। সেখান থেকে ছুটির দিনে তাদের পেশোয়ার এবং পরে নিজ নিজ শহরে যাওয়ার কথা ছিল। বেলুচিস্তানে ট্রেন লক্ষ্য করে বিএলএর হামলার ঘটনা এটিই প্রথম নয়। গত দুই বছরে সশস্ত্র এই গোষ্ঠীটির পক্ষ থেকে জাফর এক্সপ্রেস ট্রেনে কয়েকবার হামলা চালানো হয়েছে।

গত বছরের মার্চে পেশোয়ার যাওয়ার পথে দেশটির উগ্রপন্থীরা একটি ট্রেন ছিনতাই ও কয়েকজন যাত্রীকে জিম্মি করে। বিএলএ পাকিস্তানের ফেডারেল (কেন্দ্রীয়) সরকারের বিরুদ্ধে স্থানীয় জনগণকে বঞ্চিত করে দেশটির সবচেয়ে বড় এই প্রদেশের সমৃদ্ধ খনিজ সম্পদ শোষণের অভিযোগ করেছে।

পাকিস্তানের এই প্রদেশটি দেশের প্রায় ৪৪ শতাংশ ভূখণ্ডজুড়ে বিস্তৃত; যার সঙ্গে ইরান ও আফগানিস্তানের অস্থিতিশীল সীমান্ত এবং আরব সাগরের উপকূলীয় অঞ্চলের অংশজুড়ে রয়েছে। দেশটির ২৪ কোটিরও বেশি মানুষের মধ্যে অন্তত ৫ শতাংশ ওই প্রদেশে বসবাস করেন।

সূত্র: বিবিসি, এএফপি

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ