রবিবার, ২৪ মে ২০২৬ ।। ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৭ জিলহজ ১৪৪৭


লাখ লাখ হাজি পরিবহনে সৌদি আরবের ব্যাপক প্রস্তুতি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পবিত্র হজকে সামনে রেখে ব্যাপক পরিবহন ও যাতায়াত ব্যবস্থাপনা জোরদার করেছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, ২০২৬ সালের হজ মৌসুমে ১৬ লাখের বেশি হাজির সমাগমকে কেন্দ্র করে মক্কা ও আশপাশের এলাকায় উচ্চক্ষমতাসম্পন্ন মেট্রোরেল, শাটল বাস ও সড়ক ব্যবস্থাপনা কার্যক্রম চালু করা হচ্ছে।

এই কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে রয়েছে সৌদি রেলওয়ের পরিচালিত ‘আল-মাশায়ের আল-মুকাদ্দাসাহ মেট্রো’। বিশ্বের অন্যতম উচ্চক্ষমতাসম্পন্ন পরিবহনব্যবস্থা হিসেবে পরিচিত এই মেট্রো হজ মৌসুমে ২০ লাখের বেশি যাত্রী পরিবহনের প্রস্তুতি নিচ্ছে।

সম্পূর্ণ বিদ্যুৎচালিত এই মেট্রো পবিত্র মিনা, মুজদালিফা ও আরাফাতকে সংযুক্ত করেছে। এর ফলে হজের ব্যস্ত সময়ে যানজট ও যাতায়াতের সময় কমে আসছে। পাশাপাশি এটি সৌদি আরবের ‘ভিশন ২০৩০’-এর টেকসই উন্নয়ন ও আধুনিক অবকাঠামো পরিকল্পনার অংশ হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

১৮ কিলোমিটার দীর্ঘ এই রেলপথে মোট ৯টি স্টেশন রয়েছে। ১৭টি ট্রেনের প্রতিটিতে প্রায় ৩ হাজার যাত্রী বহনের সক্ষমতা রয়েছে। প্রতি ঘণ্টায় প্রায় ৭২ হাজার যাত্রী পরিবহন করতে সক্ষম এই মেট্রো।

প্রতিবেদনে বলা হয়, মেট্রো চালুর ফলে প্রতি বছর পবিত্র স্থানগুলোতে প্রায় ৫০ হাজার বাসযাত্রা কমেছে। এতে যানজট ও কার্বন নিঃসরণ উভয়ই হ্রাস পেয়েছে। ২০১০ সালে চালু হওয়া এই মেট্রো ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতিতে চলতে পারে। আরাফাত থেকে মিনায় পৌঁছাতে সময় লাগে প্রায় ২০ মিনিট।

এদিকে সৌদি সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে, জিলহজের পঞ্চম দিনে প্রধান মহাসড়ক দিয়ে ৭৫ হাজারের বেশি যানবাহন মক্কায় প্রবেশ করেছে। এর মধ্যে প্রিন্স মোহাম্মদ বিন সালমান সড়কে সবচেয়ে বেশি, প্রায় ২২ হাজার যানবাহন চলাচল করেছে।

হাজিদের নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রবেশপথ ও প্রধান সড়কগুলোতে ২৪ ঘণ্টা নজরদারি ও ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম চালানো হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অন্যদিকে মদিনা শহরে ‘মদিনা বাস’ প্রকল্পের আওতায় আরাফার দিন ও ঈদুল আজহার সময় মসজিদে নববি ও কুবা মসজিদগামী বিশেষ শাটল বাস সার্ভিস চালুর ঘোষণা দেওয়া হয়েছে। এসব সেবা নগরীর নিয়মিত গণপরিবহন কার্যক্রম ব্যাহত না করে মুসল্লি ও দর্শনার্থীদের চলাচল সহজ করবে।

তীব্র গরমের মধ্যেও বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশকে সফল করতে পরিবহন, নিরাপত্তা ও জনসমাগম নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সৌদি কর্তৃপক্ষ। সূত্র: আরব নিউজ

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ