
|
দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই
প্রকাশ:
২৯ নভেম্বর, ২০২৬, ০৪:০৯ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক রাজনৈতিক দলগুলোর কাছে দেশের স্বার্থের চেয়ে দলীয় স্বার্থই বেশি প্রাধান্য পাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। তিনি বলেছেন, দলগুলোর দলান্ধ সিদ্ধান্তের কারণে চব্বিশের গণ-অভ্যুত্থানের পর সংস্কার ও বিচার নিশ্চিত করা যায়নি। ফ্যাসিবাদবিরোধী ঐক্যও ভেঙে গেছে। সাম্প্রতিক ঐক্যের আলোচনাতেও দলীয় স্বার্থ প্রাধান্য পাচ্ছে, যার সুযোগ নিচ্ছে পতিত শক্তি। রোববার (২৯ নভেম্বর) দুপুরে ঐতিহাসিক চরমোনাই মাহফিলের দ্বিতীয় দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পীর সাহেব চরমোনাই বলেন, রাজনৈতিক দলগুলোর কাছে দেশের স্বার্থ বরাবরই উপেক্ষিত থেকেছে। এর পরিণতি এখন দেশবাসীকে ভোগ করতে হচ্ছে। দেশকে অরাজকতা থেকে রক্ষা করতে হলে দলান্ধ সিদ্ধান্ত থেকে সরে এসে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাইয়ের অন্যতম প্রধান ভিত্তিমূলক দাবি ছিল রাষ্ট্র সংস্কার ও পতিত ফ্যাসিবাদের বিচার। কিন্তু সংস্কার নিয়ে বিএনপির মনোভাব হতাশাজনক এবং বিচারপ্রক্রিয়া গতিহীন হয়ে পড়েছে। জুলাইয়ের ঐক্য ধরে রাখতে সংস্কার ও বিচার কার্যক্রমে মনোযোগী হতে হবে। বিরোধী দলগুলোর উদ্দেশে তিনি বলেন, নিজস্ব জোটের অভ্যন্তরীণ রাজনীতি যদি ফ্যাসিবাদের পথ সুগম করে, তাহলে এর দায় এড়ানোর সুযোগ নেই। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলনের আমীর বলেন, সহিংসতা ও সন্ত্রাস ছিল দলটির পতনের অন্যতম কারণ। পতনের পরও একই পথে ফিরে আসার চেষ্টা তাদের জন্য বুমেরাং হবে। তিনি জাতির কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি শেখ হাসিনাসহ অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের কাছে আত্মসমর্পণ এবং পাচার করা অর্থ ফেরত দেওয়ার আহ্বান জানান। জেলা প্রতিনিধি সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান, শেখ ফজলুল করীম মারুফ, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা দেলোয়ার হোসাইন সাকী, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা নুরুল করীম আকরাম, মাওলানা আরিফুল ইসলাম, উপাধ্যক্ষ সিরাজুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা। এসএইচ/ |