মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী
প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৬, ০৩:৩০ দুপুর
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমানের বাসভবন সিলগালা এবং তার পরিবারের সদস্যদের বাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির প্রখ্যাত আলেম ও শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকী উসমানী। তিনি এ পদক্ষেপকে আইন, নৈতিকতা ও মানবতার সব মূল্যবোধের পরিপন্থী বলে অভিহিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিজের আনুষ্ঠানিক অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে মুফতি তাকী উসমানী বলেন, কোনো পরিবারকে আগাম নোটিশ ছাড়াই বাড়ি থেকে বের করে দেওয়া কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। বিশেষ করে নারী ও শিশুদের সঙ্গে এ ধরনের আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি আরও বলেন, মাওলানা ফজলুর রহমানের মতো একজন প্রবীণ জাতীয় নেতার পরিবারের সদস্যদের যদি আকস্মিকভাবে বাড়ি ছেড়ে রাস্তায় এসে দাঁড়াতে হয়, তবে তা অত্যন্ত অনৈতিক কাজ। একে ‘রাজনৈতিক বোকামি’ বলেও আখ্যা দেন তিনি।

উল্লেখ্য, এর আগে ইসলামাবাদে মাওলানা ফজলুর রহমানের বাসভবন সিলগালা করে দেয় প্রশাসন। এ সময় বাড়িতে থাকা তার ছেলে আসজাদ মাহমুদকে গ্রেপ্তারের খবরও প্রকাশিত হয়। এ ঘটনার পর পাকিস্তানের রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহল থেকে প্রশাসনের এ পদক্ষেপের সমালোচনা করা হচ্ছে।

সূত্র: ইউএনএ নিউজ

এসএইচ/