বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা!
প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৬, ০২:৫৮ দুপুর
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের আসামে বুলডোজার অভিযানের আতঙ্কে মুসলিম পরিবারগুলো নিজেদের পৈতৃক জমি পানির দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন বলে দাবি করেছেন সমাজকর্মী আসিফ মুজতবা। তার অভিযোগ, উচ্ছেদ অভিযানের ভয়ে অনেক পরিবার স্বাভাবিক বাজারমূল্যের চেয়ে অনেক কম দামে জমি বিক্রি করে দিচ্ছেন।

আসামের উত্তর লখিমপুর জেলার বুদবুদল এলাকা থেকে একটি ভিডিও ও বিবৃতি প্রকাশ করে সেখানকার পরিস্থিতি তুলে ধরেন আসিফ মুজতবা। তিনি জানান, সম্প্রতি ওই এলাকায় একটি জমিতে এক ব্যক্তিকে বসে থাকতে দেখেছেন। ওই ব্যক্তি নগদ অর্থ ও ডিজিটাল লেনদেনের মাধ্যমে জমি কিনতে প্রস্তুত ছিলেন।

আসিফ মুজতবার দাবি, যে জমির বাজারমূল্য প্রতি বিঘা ২০ থেকে ৩০ লাখ রুপি, ভয়ের পরিবেশে সেই জমি মাত্র ৫০ হাজার থেকে এক লাখ রুপিতে কেনাবেচা হচ্ছে। এ পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, মানুষকে ভয় দেখিয়ে তাদের সারা জীবনের সঞ্চয় ও সম্পদ কেড়ে নেওয়া অন্যায়।

অন্যদিকে আসাম সরকার ও প্রশাসনের ভাষ্য, সরকারি ও বন বিভাগের জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতেই আইন অনুযায়ী এসব অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রশাসনিক কার্যক্রমে কোনো ধরনের চাপ সৃষ্টি কিংবা ধর্মীয় বৈষম্যের অভিযোগও সরকার বরাবর অস্বীকার করে আসছে।

আসিফ মুজতবার এই অভিযোগ সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত পরিস্থিতি প্রকাশের দাবি জানিয়েছেন।

সূত্র: ইউএনএ নিউজ

এসএইচ/