আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা
প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৬, ০৯:৪৭ রাত
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

শিশুদের উৎসবমুখর উপস্থিতি ও আনন্দঘন পরিবেশে শুরু হয়েছে নূরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের (এনটিকিউবি) ২০তম নূরানী তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষা।

শনিবার (২৮ নভেম্বর) শুরু হওয়া ছয় দিনব্যাপী এ পরীক্ষায় সারা দেশের ৬ হাজার ৪৮৪টি মাদরাসার ৬৫ হাজার ৬৭২ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে। আগামী ৩ ডিসেম্বর বৃহস্পতিবার পরীক্ষা শেষ হবে।

পরীক্ষা বাস্তবায়ন কমিটির মহাসচিব মাওলানা ইসমাঈল বেলায়েত হুসাইন আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পরীক্ষা কার্যক্রমের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবু বকর ও মাওলানা হাসানুজ্জামান। ইতোমধ্যে তারা ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও নোয়াখালীর বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন।

শায়খুল কুরআন আল্লামা কারী বেলায়েত হুসাইন (রহ.) প্রতিষ্ঠিত নূরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশ দীর্ঘদিন ধরে শিশুদের কুরআন শিক্ষা ও প্রাথমিক দীনি শিক্ষার প্রসারে কাজ করছে। দেশের শহর ও প্রত্যন্ত অঞ্চলের হাজারো শিক্ষাপ্রতিষ্ঠানে বোর্ডের কার্যক্রম পরিচালিত হচ্ছে। কুরআন তিলাওয়াত, মৌলিক দীনি জ্ঞান ও সাধারণ শিক্ষার সমন্বয়ে শিশুদের প্রাথমিক শিক্ষার ভিত্তি গড়ে তুলতে ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি।

এসএইচ/