
|
আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ
প্রকাশ:
২৮ নভেম্বর, ২০২৬, ০৮:১৯ রাত
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলাম-ফজল (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমানের ছেলে আসজাদ মাহমুদ মুক্তি পেয়েছেন। মুক্তির পর তিনি ইসলামাবাদে নিজের বাসভবনে ফিরে গেছেন। শনিবার (২৮ নভেম্বর) রাতে পাকিস্তানি সংবাদমাধ্যম জংয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, জেইউআই-এফের এক জ্যেষ্ঠ নেতা ইসলামাবাদের থানা সেক্রেটারিয়েটে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। পরে আসজাদ মাহমুদের মুক্তি হয়। বাসভবনে ফিরে তিনি বলেন, ‘আমি ফিরে এসেছি। কর্মীরা শান্তিপূর্ণ থাকুন।’ এর আগে ইসলামাবাদে মাওলানা ফজলুর রহমানের বাসভবন সিলগালা করে দেয় ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটি (সিডিএ)। এ সময় বাড়িতে থাকা তার ছেলে আসজাদ মাহমুদকে আটক করে পুলিশ। সিডিএ বাড়িটির মালিক আমানুল্লাহর বরাদ্দ বাতিল করে। সংস্থাটির আদেশে বলা হয়, সরকারি বিভিন্ন সংস্থার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আমানুল্লাহ বিদেশি নাগরিক। তার পাকিস্তানি জাতীয় পরিচয়পত্রও বাতিল করা হয়েছে। এ বিষয়ে গত ২৬ নভেম্বর তাকে সিডিএ কার্যালয়ে হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়েছিল। বাসভবন সিলগালা ও আসজাদ মাহমুদকে আটকের ঘটনায় জেইউআই-এফের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়। দলটির অভিযোগ, বাড়িতে থাকা নারী ও শিশুদেরও হয়রানি করা হয়েছে। এ ঘটনায় সরকারের প্রতি বাসভবনের অবরোধ তুলে নেওয়া এবং হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছিল দলটি। সূত্র: রোজনামায়ে জং এসএইচ/ |