এক মাস পর গাজীপুরের পোশাক কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য
প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৬, ০১:১১ দুপুর
নিউজ ডেস্ক

 

নিউজ ডেস্ক:

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলা প্রায় এক মাসের আন্দোলন শেষে শিল্পাঞ্চল টঙ্গী ও গাজীপুরের পোশাক কারখানাগুলোতে স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে জেলার বিভিন্ন শিল্প এলাকার কারখানাগুলোতে শ্রমিকদের স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগদান করতে দেখা গেছে। নতুন মজুরি কাঠামো মেনে নিয়ে শ্রমিকেরা কাজে ফেরায় শিল্পাঞ্চলে স্বস্তি নেমে এসেছে।

শনিবার সকাল থেকেই টঙ্গীর গাজীপুরা, সাতাইশ, খরতৈল, বাগানবাড়ি, বিসিক, টঙ্গী বাজার, ভাদাম, মুদাফা এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড়, কোনাবাড়ী, মৌচাক ও পল্লী বিদ্যুৎ এলাকার কারখানাগুলোতে শ্রমিকেরা নির্ধারিত সময়ে প্রবেশ করেছেন। এছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া, মালেকের বাড়ী, গাছা, সালনা, বাংলাবাজার, বাঘের বাজার ও শ্রীপুরের মাওনা এলাকার পোশাক কারখানাগুলোতেও পুরোদমে উৎপাদন শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত জেলার কোথাও কোনো আন্দোলন, বিক্ষোভ বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে প্রায় এক মাস ধরে চলা শ্রমিক আন্দোলনে উত্তপ্ত ছিল গাজীপুর শিল্পাঞ্চল। এর ফলে ওই অঞ্চলের প্রায় ৭০ শতাংশ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হয় এবং প্রতিদিন বিক্ষোভের জেরে অর্ধশতাধিক কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হতো কর্তৃপক্ষ। তবে মজুরি বোর্ডের ঘোষিত নতুন বেতন কাঠামো মেনে নিয়ে শ্রমিকেরা কাজে ফেরায় আবারও প্রাণচাঞ্চল্য ফিরেছে দেশের অন্যতম প্রধান এই শিল্প এলাকায়।

টিএইচএ/