
|
১২৪ মিনিটেই সম্পন্ন হচ্ছে ওমরাহর আনুষ্ঠানিকতা
প্রকাশ:
২৮ নভেম্বর, ২০২৬, ১১:৩৬ দুপুর
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র মক্কায় ওমরাহ পালনে সময় লাগছে গড়ে মাত্র ১২৪ মিনিট বা প্রায় দুই ঘণ্টা। তাওয়াফ ও সায়িসহ ওমরাহর বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে এই সময় লাগছে বলে জানিয়েছে সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদে নববির জেনারেল অথরিটি। কর্তৃপক্ষের প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৪৪৮ হিজরির জমাদিউল আউয়াল মাসে ওমরাহ পালনকারীরা তুলনামূলক স্বাচ্ছন্দ্য ও সুশৃঙ্খল পরিবেশে তাদের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। এ সময় তাওয়াফে গড়ে ৫২ মিনিট এবং সায়িতে ৫০ মিনিট সময় লেগেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাইরের চত্বর থেকে মাতাফে পৌঁছাতে গড়ে ১২ মিনিট এবং মাতাফ থেকে সায়ির স্থানে যেতে ১০ মিনিট সময় লেগেছে। সব মিলিয়ে ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গড়ে ১২৪ মিনিট ব্যয় হয়েছে। এতে আরও বলা হয়, ৭৩ শতাংশ ওমরাহ পালনকারী মাতাফে তাওয়াফ করেছেন। অন্যদিকে ৬০ শতাংশ সায়ি সম্পন্ন করেছেন দ্বিতীয় তলায়। বিভিন্ন প্রবেশপথ, তলা ও চলাচলের পথের সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতেও চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে। সৌদি কর্তৃপক্ষের লক্ষ্য, ক্রমবর্ধমান ওমরাহযাত্রীর চাপ সামাল দেওয়ার পাশাপাশি প্রত্যেক দর্শনার্থীর জন্য নিরাপদ, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করা। এ জন্য মসজিদুল হারামে বিভিন্ন পথ ও আধুনিক সুযোগ-সুবিধার ব্যবহার আরও কার্যকর করা হচ্ছে। সূত্র: দ্য গেট টু হারামাইন টিএইচএ/ |