ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান
প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৬, ০৯:২৮ সকাল
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সম্প্রতি ইসলাম গ্রহণ করা ৮০ জন নতুন মুসলিমকে ওমরাহ পালনের সুযোগ করে দেওয়া হয়েছে। তাদের সৌদি আরব সফরের পুরো প্যাকেজ উপহার হিসেবে দিয়েছে দেশটির একটি ভ্রমণ সংস্থা ও মুসলিমদের ধর্মীয় প্রতিষ্ঠান স্পিরিচুয়াল ডিরেক্টরেট অব মুসলিমস অব কিরগিজস্তান। এ উদ্যোগে ৮০ জন নওমুসলিম পবিত্র মক্কা ও মদিনা সফর করে ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন।

সম্প্রতি বিশকেকের ইমাম সারাখসি মসজিদে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে ওমরাহ সফরের প্যাকেজ তুলে দেওয়া হয়। সফরকারীদের মধ্যে ৫৫ জন জাতিগতভাবে রুশ এবং ২৫ জন কোরীয় বংশোদ্ভূত। ভিন্ন জাতিগত পরিচয় ও সাংস্কৃতিক পটভূমি থেকে আসা এসব মানুষ ইসলাম গ্রহণের পর এবার একসঙ্গে পবিত্র দুই নগরী সফরের সুযোগ পাচ্ছেন।

সফরকালে তারা সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনা নগরী পরিদর্শন করবেন এবং ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। ইসলাম গ্রহণের পর পবিত্র কাবাঘর তাওয়াফ ও মসজিদে নববিতে ইবাদতের সুযোগ তাদের জন্য বিশেষ তাৎপর্য বহন করবে।

কিরগিজস্তানের মুসলিমদের ধর্মীয় কর্তৃপক্ষ ও ভ্রমণ সংস্থাটির যৌথ উদ্যোগে দেওয়া এ উপহার নবমুসলিমদের ধর্মীয় জীবনে উৎসাহ জোগানোর পাশাপাশি তাদের পবিত্র স্থানগুলো সফরের সুযোগ করে দিয়েছে। সূত্র: ইসলামিক ইনফরমেশন

আরএইচ/