চিল্লা ও সাল নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা সাহারানপুরের শায়খুল হাদিসের
প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৬, ০৮:২৮ সকাল
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

দীনি শিক্ষার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস শেষ করে তাবলিগ জামাতে চিল্লা ও সাল বা এক বছর সময় দেওয়ার বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন ভারতের অন্যতম শীর্ষ দীনি বিদ্যাপীঠ মাজাহিরুল উলুম ওয়াকফ সাহারানপুরের শায়খুল হাদিস মাওলানা ইসলামুল হক আসআদী। তিনি বলেছেন, তাবলিগে চিল্লা বা এক বছর সময় দেওয়া শরিয়ত নির্ধারিত কোনো বিধান নয়। তাই এটিকে শরিয়তের আবশ্যক নির্দেশনা হিসেবে মনে করার সুযোগ নেই।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দাওরায়ে হাদিসের দরস চলাকালে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রশ্নে জানতে চাওয়া হয়, দীনি শিক্ষায় পাঠ সমাপ্তির পর তাবলিগে চিল্লা বা এক বছর সময় দেওয়ার শরয়ি ভিত্তি কী? এ জন্য শরিয়তে কোনো নির্দিষ্ট মেয়াদ নির্ধারণ করা হয়েছে কি না?

জবাবে মাওলানা ইসলামুল হক আসআদী বলেন, দীনের দাওয়াত ও তাবলিগ গুরুত্বপূর্ণ একটি খেদমত। তবে এ কাজে অংশগ্রহণের জন্য চিল্লা বা এক বছর সময় দেওয়ার কোনো নির্দিষ্ট মেয়াদ শরিয়ত কর্তৃক নির্ধারিত নয়। ফলে এ ধরনের সময়সীমাকে শরিয়তের বিধান হিসেবে বিবেচনা করা ঠিক হবে না।

এ সময় তাবলিগে অংশ নেওয়া আলেমদের আলোচনার বিষয়বস্তু নির্দিষ্ট একটি বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখার প্রবণতা নিয়েও কথা বলেন তিনি। তিনি বলেন, অনেক সময় তাবলিগে যাওয়া আলেমদের বলা হয়, তারা যেন নির্দিষ্ট একটি কিতাব থেকেই আলোচনা করেন এবং নিজেদের বক্তব্য ওই কিতাবের বিষয়বস্তুর মধ্যেই সীমাবদ্ধ রাখেন। এ ধরনের প্রবণতাকে তিনি দীনের বিষয়ে বাড়াবাড়ি বা ‘গুলু’ হিসেবে উল্লেখ করেন।

তার ভাষ্য, একজন আলেম দীর্ঘদিন অধ্যয়ন ও সাধনার মাধ্যমে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেন। তার জ্ঞান ও পাঠ কেবল একটি কিতাবের মধ্যে সীমাবদ্ধ নয়। কুরআন-হাদিস, ফিকহ, তাফসিরসহ বিভিন্ন নির্ভরযোগ্য গ্রন্থ থেকে অর্জিত জ্ঞানের আলোকে মানুষের সামনে দীনের কথা তুলে ধরার সুযোগ একজন আলেমের থাকা উচিত। তাকে একটি নির্দিষ্ট কিতাবের মধ্যে সীমাবদ্ধ করে রাখা সমীচীন নয়।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে ‘গুলু ফিদ দীন’ (দীনের বিষয়ে বাড়াবাড়ি) শীর্ষক একটি গুরুত্বপূর্ণ বইয়ের নাম উল্লেখ করেন শায়খুল হাদিস মাওলানা ইসলামুল হক আসআদী। পাশাপাশি বিষয়টি সম্পর্কে জানার জন্য বইটি অধ্যয়নের পরামর্শ দেন তিনি।

সূত্র: ফেসবুক পেইজ

আইও/