শুধু মজুরি নয়, শ্রমিকের ক্রয়ক্ষমতা বাড়াতে হবে: গাজী আতাউর রহমান
প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬, ০৫:৫০ বিকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

টাকার অঙ্কে শ্রমিকের মজুরি বৃদ্ধি জরুরি হলেও তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রকৃত ক্রয়ক্ষমতা বাড়ানো। দ্রব্যমূল্য ও বাড়িভাড়া নিয়ন্ত্রণ করা না গেলে মজুরি বাড়ানোর সুফল শ্রমিকের হাতে পৌঁছাবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

মঙ্গলবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের অতীত অভিজ্ঞতা বলে, বেতন বা মজুরি বাড়লেও দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে শ্রমিকের প্রকৃত ক্রয়ক্ষমতা বাড়ে না। এক শ্রেণির ব্যবসায়ীর পকেট থেকে টাকা আরেক শ্রেণির ব্যবসায়ীর পকেটে যায়। আর শ্রমিক অভাবের পুরোনো বৃত্তেই আটকে থাকে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ন্যূনতম মজুরি বৃদ্ধির সুফল নিশ্চিত করতে হলে শ্রমিক এলাকায় বাড়িভাড়া বৃদ্ধি এবং সার্বিকভাবে দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। এ ক্ষেত্রে সরকারকে কঠোর নজরদারি রাখতে হবে।

শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের করণীয় তুলে ধরে তিনি বলেন, শ্রমিকের স্বার্থ রক্ষায় সরকার তাদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে পারে। শ্রমিকদের প্রধান সমস্যাগুলোর একটি আবাসন। সরকার তাদের জন্য আবাসনের ব্যবস্থা করতে পারে এবং ভর্তুকি মূল্যে খাদ্যসহায়তা দিতে পারে।

তবে এসব উদ্যোগের পাশাপাশি স্থায়ী সমাধানের ওপর গুরুত্ব দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা এবং সামগ্রিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণই শ্রমিকের জীবনমান উন্নয়নের স্থায়ী পথ। সরকার সে পথে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসএইচ/