দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তার পর মাওলানা সাদের সঙ্গে আলেমদের বৈঠক
প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬, ০৩:৫১ দুপুর
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মাওলানা মুহাম্মদ সাদের সাম্প্রতিক কিছু বক্তব্য নিয়ে দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস মুফতি আবুল কাসেম নোমানির সতর্কবার্তা এবং এ নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে মাওলানা সাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন দিল্লির একদল আলেম। মঙ্গলবার (২৪ নভেম্বর) মাওলানা মুহাম্মদ জাভেদ সিদ্দিকী কাসেমির নেতৃত্বে আলেমদের একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করে বিতর্কিত বক্তব্যগুলোর বিষয়ে বিস্তারিত আলোচনা ও ব্যাখ্যা চান।

সাক্ষাৎকালে আলেমরা মাওলানা সাদের বিভিন্ন বক্তব্যের এমন কিছু দিক তুলে ধরেন, যেগুলো নিয়ে আলেমসমাজে প্রশ্ন ও আপত্তি তৈরি হয়েছে। এসব বিষয়ে তার কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়। মাওলানা সাদ প্রতিনিধিদলকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং তাদের সঙ্গে আলোচনায় সন্তোষ প্রকাশ করেন।

বৈঠকে বক্তব্যের উদ্দেশ্য ও শ্রোতাদের বোঝার মধ্যে তৈরি হওয়া পার্থক্য প্রসঙ্গে মাওলানা সাদ বলেন, আলোচনার সময় কোনো কোনো খুঁটিনাটি বিষয় তুলে ধরতে গিয়ে মূল বক্তব্যের উদ্দেশ্য স্পষ্ট হয় না। ফলে বক্তার উদ্দেশ্য এক রকম হলেও শ্রোতারা ভিন্নভাবে বুঝতে পারেন।

এ সময় মাদরাসা আবদুর রব, কাশ্মীরি গেট, দিল্লির দ্বিতীয় শায়খুল হাদিস মাওলানা জাফরুদ্দিন কাসেমি তাকে এমন বক্তব্য ও শব্দচয়ন থেকে সতর্ক থাকার পরামর্শ দেন, যেগুলোতে ভুল বোঝাবুঝি বা একাধিক অর্থের অবকাশ থাকে। বিশেষ করে বক্তব্যের কাছের ও দূরের অর্থ নিয়ে যেন শ্রোতারা বিভ্রান্ত না হন, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

জবাবে মাওলানা সাদ ইতিবাচক মনোভাব প্রকাশ করে বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ভবিষ্যতে এ বিষয়ে পূর্ণ সতর্কতা অবলম্বন করবেন, ইনশাআল্লাহ। এ প্রসঙ্গে মাওলানা জাফরুদ্দিন হজরত ওমর (রা.) ও হজরত আবদুর রহমান ইবনে আউফ (রা.)-এর একটি ঘটনারও উল্লেখ করেন। মাওলানা সাদ তার এ পরামর্শ গ্রহণ করেন।

বৈঠকে মাওলানা মুহাম্মদ জাভেদ সিদ্দিকী কাসেমি প্রস্তাব দেন, মাওলানা সাদের সঙ্গে মুফতি আবুল কাসেম নোমানির একটি সরাসরি সাক্ষাৎ হওয়া প্রয়োজন, যাতে উভয় পক্ষ বিস্তারিত আলোচনা করে বিষয়গুলোর নিষ্পত্তিতে পৌঁছাতে পারেন। জবাবে মাওলানা সাদ নিজের সময়সূচি ও নিয়মিত কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে এ সাক্ষাতের ব্যবস্থা করবেন বলে জানান।

এ সময় মুফতি হুসামুদ্দিন কাসেমি মুফতি আবুল কাসেম নোমানির পক্ষ থেকে মাওলানা সাদের বক্তব্য শোনা থেকে বিরত থাকার পরামর্শের বিষয়টি তুলে ধরেন। জবাবে মাওলানা সাদ বলেন, দারুল উলুম দেওবন্দের মুহতামিমসহ সবাই আমাদের বড় ও আকাবির। আমাদের বক্তব্যে ভুলত্রুটি ধরিয়ে দেওয়ার এবং সতর্ক করার মতো ব্যক্তিরা রয়েছেন—এটি তার কাছে ভালো লেগেছে। তিনি হাসিমুখে সব আপত্তি গ্রহণ করেন এবং নিজের সংশোধনের চেষ্টা করবেন বলেও জানান।

বৈঠকে মুফতি আবদুল ওয়াহেদ কাসেমি ও মাওলানা আবদুস সুবহান কাসেমি চলমান নানা আলোচনা ও জনমনে তৈরি হওয়া ভুল বোঝাবুঝির বিষয়গুলোও তুলে ধরেন। তারা এসব বিভ্রান্তি দূর করতে মাওলানা সাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশের অনুরোধ জানান। এ ছাড়া বিভিন্ন বিষয়ে দীর্ঘ সময় ধরে বিস্তারিত আলোচনা হয়।

প্রতিনিধি দলে আরও ছিলেন মাদরাসাতুল বানাত, নবী করিম, দিল্লির হাদিসের শিক্ষক ও জমিয়তে উলামায়ে হিন্দের দিল্লি প্রদেশের সম্পাদক এবং ইমারতে শরইয়াহ পাটনার শুরা সদস্য মাওলানা আবদুস সুবহান কাসেমি; দিল্লির এক মিনার মসজিদের ইমাম ও খতিব এবং কাজি দারুল কাজাত মুফতি আবদুল ওয়াহেদ কাসেমি; চাঁদ মসজিদ, আবুল ফজল, ওখলার ইমাম ও খতিব মুফতি হুসামুদ্দিন কাসেমি।

বৈঠকে মাওলানা মুহাম্মদ সাদের ছেলেরা, মুফতি আসাদুল্লাহ এবং তাবলিগ জামাতের মারকাজের অন্যান্য মুরব্বি উপস্থিত ছিলেন। এ ছাড়া ওয়াসিম তুর্কমান গেট, হাজি নেয়ামত আলীসহ দায়িত্বশীলরাও উপস্থিত ছিলেন। সূত্র: দারুল উলুম দেওবন্দসংক্রান্ত ফেসবুক পেইজ

এসএইচ/