
|
৬৩৬ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ার নিন্দা মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের
প্রকাশ:
২৫ নভেম্বর, ২০২৬, ০৭:৪০ সকাল
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িন শহরে ৬৩৬ বছরের পুরোনো মসজিদ, ঐতিহাসিক সমাধিসৌধ ও এক ডজনের বেশি মাজার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড। ২০২৮ সালে অনুষ্ঠেয় সিমস্থ মহাপর্ব (মহাকুম্ভ) আয়োজনের প্রস্তুতির নামে এসব স্থাপনা উচ্ছেদকে বেআইনি, অন্যায় ও ভারতের সংবিধানের মৌলিক নীতির পরিপন্থী বলে আখ্যা দিয়েছে সংগঠনটি। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের সব ধরনের আইনি ও নৈতিক সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছে বোর্ড। মঙ্গলবার (২৪ নভেম্বর) নয়াদিল্লি থেকে পাঠানো এক বিবৃতিতে বোর্ডের জাতীয় মুখপাত্র ড. সৈয়দ কাসিম রসুল ইলিয়াস এসব কথা জানান। বিবৃতিতে বলা হয়, গত ২১ নভেম্বর ভোর ৫টার দিকে বিপুলসংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনীর উপস্থিতিতে উজ্জয়িনের মাধবনগর রেলস্টেশনের বাইরে অবস্থিত শাহি মাকবারা, মসজিদে কালান্দরি, এক ডজনের বেশি মাজার ও অন্যান্য স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। তড়িঘড়ি করে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া উপেক্ষা করে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। ড. ইলিয়াস বলেন, অভিযানে মসজিদে কালান্দরি, শাহি মাকবারা, একাধিক মাজারের পাশাপাশি ওয়াক্ফ সম্পত্তির মোতাওয়াল্লির বাসভবনও ভেঙে ফেলা হয়েছে। অথচ এসব জমির মালিকানা ও সংশ্লিষ্ট বিরোধের বিষয়টি এখনো ভোপাল ওয়াক্ফ ট্রাইব্যুনালে বিচারাধীন। ওয়াক্ফ কমিটির সভাপতি কাজি মাওলানা আরিফ নদভীর বরাতে তিনি জানান, একজনকে কথিত ভুয়া ভাড়াটিয়া হিসেবে চিহ্নিত করে উচ্ছেদ অভিযানের পথ তৈরি করা হয়। আদালতে মামলা চলমান থাকা অবস্থায় চূড়ান্ত আইনি সিদ্ধান্তের আগেই এ ধরনের অভিযান চালানো ন্যায়বিচারের স্বীকৃত নীতির পরিপন্থী। তিনি আরও বলেন, এ অভিযানে বহু পুরোনো ও ঐতিহাসিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। মসজিদ কমিটির দাবি, মসজিদটির ইতিহাস প্রায় ৬৩৬ বছরের পুরোনো। ১৩৯০ সালে এটি নির্মিত হয়েছিল। মহাকুম্ভের আয়োজন ও অবকাঠামো সম্প্রসারণের প্রয়োজন থাকলে বিকল্প ব্যবস্থা গ্রহণের সুযোগ ছিল। কিন্তু সে জন্য ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বোর্ডের মুখপাত্র জানান, কাজি মাওলানা আরিফ নদভী ও স্থানীয় দায়িত্বশীলদের আদালতের শরণাপন্ন হওয়ার সিদ্ধান্তকে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড পূর্ণ সমর্থন জানাচ্ছে। ক্ষতিগ্রস্ত কমিটিকে প্রয়োজনীয় সব ধরনের আইনি ও নৈতিক সহযোগিতা দেওয়া হবে। বিষয়টি হাইকোর্টে চ্যালেঞ্জ করার উদ্যোগকেও সমর্থন করছে বোর্ড। বিবৃতিতে আরও বলা হয়, এ অভিযানের ফলে ভারতের সংবিধানের ১৪, ২৫, ২৬ ও ৩০০-এ অনুচ্ছেদে স্বীকৃত আইনের দৃষ্টিতে সমতা, ধর্মীয় স্বাধীনতা এবং সম্পত্তির অধিকার ও সুরক্ষার নীতি লঙ্ঘিত হয়েছে কি না, সে প্রশ্ন দেখা দিয়েছে। বোর্ড আশা প্রকাশ করেছে, আদালত বিষয়টি পর্যালোচনা করে ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার নিশ্চিত করবেন। বিজেপিশাসিত কয়েকটি রাজ্যে গত কয়েক বছরে বিভিন্ন অজুহাত ও প্রশাসনিক পদক্ষেপের আড়ালে ঐতিহাসিক মসজিদ, সমাধিসৌধ ও মাজারকে লক্ষ্যবস্তু করার অভিযোগও তুলে ধরেন ড. ইলিয়াস। তিনি বলেন, ধর্মীয় স্থাপনা ও ঐতিহাসিক ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে সরকারগুলোকে দল-মতনির্বিশেষে সংবিধান, আইন ও আদালতের নির্দেশনা মেনে চলতে হবে। বিশেষ করে নিজেদের ধর্মনিরপেক্ষ ও সংবিধানের রক্ষক দাবি করা রাজনৈতিক দলগুলোর এ ধরনের ঘটনায় নীরব থাকাও উদ্বেগজনক। আইও/ |