ইদারাতুল মাআরিফ: বাংলা ভাষা ও সাহিত্য সাংবাদিকতায় ফরিদাবাদ জামিয়ার অবদান
প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৬, ০১:৪৯ দুপুর
নিউজ ডেস্ক

|| শামসুদ্দীন সাদী ||

বাংলাদেশের প্রাচীনতম দীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ, ঢাকা। প্রতিষ্ঠার পর থেকে এই জামিয়া দীনি ইলমের প্রচার প্রসার, শিক্ষা বিস্তার, নিরক্ষরতা দূরীকরণে অনন্য ভূমিকা পালন করে আসছে। সত্তর বছর ধরে এই জামিয়া আদর্শ মানুষ গড়ায় যে অবদান রেখে চলেছে তা আমাদের সামনে দিবালোকের মতোই উজ্জ্বল। অসংখ্য আলেম হাফেজ মুফতি মুহাদ্দিস ও আদর্শ নাগরিক এই জামিয়া থেকে তৈরি হয়েছে। প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই জামিয়া চতুর্মুখী যোগ্যতা সম্পন্ন দক্ষ আলেম তৈরিতে মনোনিবেশ করেছিল। তারই একটি শাখা ছিল ইদারাতুল মাআরিফ। বাংলা ভাষায় সাহিত্য সাংবাদিকতা ও জ্ঞান-গবেষণার মহান উদ্দেশ্য নিয়ে এর যাত্রা শুরু হয়েছিল। এটি প্রতিষ্ঠা করেছিলেন ফরিদাবাদ জামিয়ার প্রতিষ্ঠাতা আল্লামা শামছুল হক ফরিদপুরী রহ.।

ফরিদাবাদ মাদরাসার আঙিনায় প্রতিষ্ঠিত ইদারাতুল মাআরিফ বাংলাদেশে বাংলা ভাষী আলেমদের ভাষা শিক্ষা ও জ্ঞান গবেষণায় সর্বপ্রথম প্রতিষ্ঠানিক উদ্যোগ। বাংলা ভাষায় আলেম লেখক গবেষক তৈরির যে শুভসূচনা ইদারা করেছিল তার হাত ধরেই আজ বাংলাদেশে অসংখ্য লেখক গবেষক তৈরি হয়েছে। তাই বাংলাদেশের আলেম লেখক সাংবাদিকরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইদারার কাছে ঋণী।

একটি মজার তথ্য দেই। উর্দু থেকে বাংলায় অনুবাদ হয়ে বহু প্রবন্ধ বই পুস্তক আমরা পড়ি। কিন্তু এটা কি কল্পনা করতে পারি যে, বাংলা ভাষায় লিখিত কোনো লেখ উর্দু ভাষায় ভাষান্তর হবে! হ্যাঁ, এই অকল্পনীয় ঘটনাও ঘটেছিল ইদারার প্রথম পরিচালক মাওলানা নূর মোহাম্মদ আজমীর ক্ষেত্রে। বাংলা ভাষায় লিখিত তাঁর একটি প্রবন্ধ উর্দুতে ভাষান্তর হয়ে দারুল উলূম করাচির মুখপত্র মাসিক আল বালাগে প্রকাশিত হয়েছিল ১৯৬৯ সালে, কয়েক কিস্তিতে।

এই সময়ের সমাদৃত লেখকদের অনেকেই ফরিদাবাদ মাদরাসার আঙিনায় পরিচর্যা পেয়েছেন। বিশেষভাবে উল্লেখ করা যায় ফরিদাবাদ মাদরাসার বর্তমান নায়েব সাহেব উস্তাযে মুহতারাম মুফতি মুতিউর রহমান সাহেবের কথা। হুজুরের লেখা কতটা শাণিত ও ক্ষুরদার তা অনুমান করা যায় তাঁর লিখিত শামায়েলে তিরমিযির বাংলা অনুবাদ পড়ে। কী শানদার অনুবাদ, কত গভীর বিশ্লেষণ। লেখার সেই কি আন্দাজ! কিন্তু হুজুরের লেখক সত্তা আরও বৃহৎ গুণাবলি ও কর্মযজ্ঞের আড়াল হয়ে আছে। এই সময়ের আলোচিত লেখক মাওলানা যাইনুল আবিদীন ও মাওলানা শরীফ মুহাম্মদও জীবনের একটি চমৎকার সময় ফরিদাবাদে কাটিয়েছেন।

কালের বিবর্তনে ইদারাতুল মাআরিফের কার্যক্রম বন্ধ হয়ে গেলেও ফরিদাবাদ মাদরাসার আঙিনায় যে মিশন নিয়ে ইদারা গড়ে উঠেছিল সেই মিশন কোনো কালেই বন্ধ হয়নি। ইদারা বন্ধ হওয়ার পর ফরিদাবাদ মাদরাসার শিক্ষক শিক্ষার্থীদের হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছিল লাজনাতুত তালাবা। এরপর মিরপুর মুসলিম বাজার মাদরাসায়, সর্বশেষ মাদরাসা দারুর রাশাদে সাহিত্য সাংবাদিকতা বিভাগ চালু হয়। যারা সিলেবাস কারিকুলাম ও গঠন প্রক্রিয়ায় ফরিদাবাদের ইদারাকেই অনুসরণ করেছিল।

বক্ষমাণ প্রবন্ধে ইদারাতুল মাআরিফ প্রতিষ্ঠার প্রেক্ষাপট, ইদারার পাঠ্যক্রম, লাইব্রেরি ও ইদারার পদরেখায় পরবর্তীতে প্রতিষ্ঠিত ভাষা ও সাহিত্য সাংবাদিকতা বিভাগের সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরা হলো।

ভাষা ও সাহিত্যের পথিকৃৎ সদর সাহেব

আলেমদের বাংলা ভাষা ও সাহিত্য-সাংবাদিকতা চর্চার ইতিহাস বলতে গেলে সর্বাগ্রে স্মরণ করতে হয় মাওলানা শামছুল হক ফরিদপুরী (সদর সাহেব) রহ. ও ইদারাতুল মাআরিফের কথা। সদর সাহেব রহ. পূর্ব পাকিস্তানে ইসলামি শিক্ষা বিস্তারের প্রধান মুখ। তাঁর উদ্যোগ ও প্রচেষ্টায় পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকায় বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। লালবাগ জামিয়া কোরআনিয়া, বড় কাটারা জামিয়া হোসাইনিয়া আশরাফুল উলূম ও ফরিদাবাদ জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম- ঢাকার এই তিন প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান তাঁর হাতেই প্রতিষ্ঠিত। বাংলা ভাষা ও সাহিত্য-সাংবাদিকতায় আলেমদের পথিকৃত্ত মূলত তিনি। সদর সাহেব রহ. ছিলেন যুগ সচেতন ও দূরদর্শী আলেম। জীবন, জগৎ ও সমাজ সম্পর্কে তিনি অগ্রসর চিন্তার অধিকারী ছিলেন। ইসলামি শিক্ষা সম্পর্কে বাস্তবধর্মী চিন্তা লালন করতেন। শুরু থেকেই তিনি উপলব্ধি করেছিলেন মাতৃভাষায় পরিপক্বতা অর্জন না করলে সমাজে আলেমদের মূল্যায়ন থাকবে না। ভাষা সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক পাণ্ডিত্ব ছাড়া সমাজের নেতৃত্ব দেওয়াও সম্ভব না। সূদূর প্রসারী এই চিন্তা থেকেই তিনি ইদারাতুল মাআরিফের মতো বৃদ্ধিবৃত্তিক কাজের সূচনা করেছিলেন।

পূর্ব পাকিস্তানে বাংলা ভাষার প্রধান দৈনিক ছিল দৈনিক আজাদ। আজাদ পত্রিকার সম্পাদক ছিলেন মাওলানা আকরম খাঁ। সদর সাহেবের সঙ্গে মাওলানা আকরম খাঁর অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল। সেই সুবাধে ঢাকাকেন্দ্রিক মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে বাংলা ভাষা ও সাহিত্য চর্চার একটি অনুকূল পরিবেশ ছিল। সদর সাহেব নিজেই ছাত্রদের বাংলা ভাষা শেখার প্রতি উদ্বুদ্ধ করেন। হজরত থানভীর রহ. কিতাবাদি বাংলায় অনুবাদের ব্যবস্থা করেন। হজরত থানভী রহ.-এর বেহেশতী জেওর বঙ্গানুবাদ করে সারাদেশে প্রচার প্রসার করেন। ফরিদাবাদ মাদরাসা থেকে বাংলা ভাষায় মাসিক নেয়ামত পত্রিকা প্রকাশ করেন। বহু ছাত্রকে লেখালেখিতে নিয়ে আসেন। শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ.-এর মাধ্যমে বুখারী শরীফের বঙ্গানুবাদ করান এবং পুরো অনুবাদ নিজে তত্ত্বাবধান করেন।

বুখারী শরীফের অনুবাদ শুরুর স্মৃতিচারণ করে এক লেখায় শাইখুল হাদীস রহ. লেখেন: “হুজুর অত্যন্ত মনোযোগের সাথে পড়ে খুব খুশি হয়ে বললেন- ঠিক আছে, তুমি অনুবাদ লেখা শুরু করো। আমি প্রথম দিকের সব লেখা হুজুরকে দেখিয়ে ঠিক করে নিতাম। যা কিছু সংশোধনের তা তিনি করে দিতেন। তা ছাড়া দুটি হাদীস পুরোটা হুজুরের লেখা। একটি হলো- হাদীসে জিবরাইল, দ্বিতীয়টি হলো- আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন। এভাবে উৎসাহ বা প্রেরণাই শুধু নয়, এ ব্যাপারে আগাগোড়া তিনি আমাকে দিক-নির্দেশনা দিয়েছেন।"

মাওলানা আব্দুল্লাহ বিন সাঈদ জালালাবাদী তখন তরুণ লেখক হিসেবে দৈনিক আজাদ ও মাসিক মোহাম্মদীতে নিয়মিত লেখেন। তাঁর লেখার বিষয় ও ভাষা সদর সাহেবের দৃষ্টি গোচর হয়। খোঁজ নিয়ে জানলেন আব্দুল্লাহ বিন সাঈদ জালালাবাদী ঢাকা আলিয়ায় পড়ালেখা করে। তিনি লোক মারফত জালালাবাদীকে দেখা করতে বললেন। প্রথম সাক্ষাতেই দুজনের সম্পর্ক প্রগাঢ় হয়। সদর সাহেব রহ. তার থেকে আজীবন লেখালেখি অব্যাহত রাখার ওয়াদা নেন। তাকে তাঁর সান্নিধ্যে থেকে সম্পদনা ও লেখালেখি করার প্রস্তাব করেন। নিজে তার লেখা প্রকাশ ও প্রচারের দায়িত্ব নেন।

মাওলানা আব্দুল্লাহ বিন সাঈদ জালালাবাদী সেই স্মৃতি সম্পর্কে লেখেন: “সরকারি মাদরাসার ছাত্রদের দেখলে কওমি মাদরাসার হুজুরগণ তো বটেই তালেবে-ইলমরাও নাক সিটকায়। অথচ তিনি নিজের কানে শুনলেন আমি সরকারি মাদরাসায় পড়ি, পরনে আমার আলীগড়ী পাজামা ও জিন্নাহ টুপি। তারপরও সমাদরের একটুও কমতি নেই। কী উদার তাঁর মন! কী প্রাণখোলা তাঁর আলাপ আলোচনা! কত আপন করে নিলেন কত দূরের একজনকে। কত বড় অফার দিলেন প্রথম পরিচয়েই। আমি লিখব আর সম্পাদনা করব আর তিনি তা ছাপাবেন আর প্রচার করবেন! আমার লেখা তো পড়েছেন আরো হাজার হাজার জনে। কই, তাঁরা কেউ তো কোনোদিন এতটা মূল্যায়ন করে এতোটা উৎসাহ দিলেন না। আমার মনোজগতে রীতিমতো একটা ঝড় বয়ে গেল। আমার মনে হরো আমার জীবনের সকল সাধনা যেন সার্থক হয়ে গেল।”

ইদরাতুল মাআরিফের স্বপ্নযাত্রা

বাংলা ভাষা ও সাহিত্য-সাংবাদিকতা চর্চায় উৎসাহদানের এমন ঘটনা এক-দুটি নয়, অনেক। কিন্তু এই চেষ্টা ও উৎসাহদান নিতান্ত ব্যক্তিগত। একে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া ও ভাষা ও সাহিত্য চর্চায় গতি সঞ্চার করার তাগিদ অনুভব করতেন সবসময়। এই নিয়ে চিন্তা ফিকিরও চলে। সদর সাহেব, মাওলানা নূর মোহাম্মদ আ'জমী ও মাওলানা আকরম খাঁ। এই তিন আলেমই সমকালে বাংলা ভাষা ও সাহিত্যের সেবক ও সাধক ছিলেন। তিনজনের মধ্যে গভীর হৃদ্যতাও ছিল। মাওলানা আব্দুল্লাহ বিন সাঈদ জালালাবাদীর ভাষায়: “পরবর্তী জীবনে লক্ষ্য করেছি এই মাওলানা আ'জমী আর মাওলানা ফরিদপুরী একান্তই মানিক জোড়ের মতো। দুজনের মধ্যে যতটুকু হৃদ্যতা ও একাত্মতা লক্ষ্য করেছি, তেমনি খুব কমই দেখা যায়। মাওলানা ফরিদপুরী রহ. এবং মওলানা আকরম খাঁ দু'জনকেই দেখেছি, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে মাসের পর মাস তাঁরা মাওলানা আ'জমী রহ.-এর মতামতের জন্য অপেক্ষা করতেন। মাওলানা আ'জমী অনেক সময় তাঁর দেশের বাড়ি ফেনীতে গিয়ে এক দুই মাস বা ততধিক কাল কাটিয়ে আসতেন। তখনই লক্ষ্য করতাম উক্ত দুজন মনীষী মাওলানা আ'জমীর অপেক্ষায় কাল ক্ষণ গুনছেন।"

মাওলানা আকরম খাঁ ও মাওলানা অ'জমী- দুজন ছিলেন আলিয়া মাদরাসায় পড়ুয়া আলেম। মাওলানা আকরম খাঁর চিন্তাধারায় কিছুটা বিচ্যুতি থাকলেও মাওলানা আ'জমী নিখাঁদ ধর্মীয় চিন্তাচেতনা লালন করতেন। তাই মাওলানা আ'জমীর পরামর্শক্রমে ও সার্বিক তত্ত্বাবধানে সদর সাহেব রহ. ১৯৬৭ সালে তাঁরই প্রতিষ্ঠিত জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদে 'ইদারাতুল মাআরিফ' নামে বাংলা ভাষা ও সাহিত্য-সাংবাদিকতা বিভাগ চালু করেন। এটিকে শুধু ভাষা ও সাহিত্য-সাংবাদিকতা বিভাগ বলাটা যথার্থ মনে হচ্ছে না, বরং একটি পুরোদস্তুর গবেষণা প্রতিষ্ঠানের লক্ষ্য নিয়েই ইদারা প্রতিষ্ঠিত হয়।

ফরিদাবাদ মাদরাসায় চালু হলেও এটি স্বতন্ত্র একটি ইনস্টিটিউট ছিল। এর প্রথম সভাপতি ও সাধারণ সম্পাদক হন যথাক্রমে সদর সাহেব রহ. ও পটিয়ার হারুন ইসলামাবাদী রহ.। ইদারাতুল মাআরিফের সর্বাত্মক অনুসন্ধান ও গবেষণাকার্যে যিনি আমৃত্যু প্রতিটি মুহূর্ত ব্যয় করতেন, যিনি সার্বক্ষণিক দিক-নির্দেশনা দিয়ে এর উন্নতি ও সমৃদ্ধির পথ প্রশস্ত করেছেন, তিনি হলেন হজরত মাওলানা নূর মোহাম্মদ আ'জমী রহ.।

ইদারা প্রতিষ্ঠার উদ্দেশ্যের কথা উল্লেখ করে ইদারার সহযোগী অধ্যাপক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক লেখেন: “প্রাথমিক পর্যায়ে এই ইদারা তথা গবেষণা একাডেমির উদ্দেশ্য ছিল ইসলামের শাশ্বত শিক্ষা, কুরআন-সুন্নাহভিত্তিক গবেষণা এবং মানব জাতির কাছে ইসলামকে একমাত্র মুক্তি সনদ হিসেবে উপস্থাপিত করার উদ্দেশ্যে লেখক ও সাংবাদিক সৃষ্টি করা।"

বর্ষীয়ান লেখক ও চিন্তাবিদ মাওলানা রুহুল আমীন খান উজানবী ফরিদাবাদ মাদরাসার শিক্ষক ছিলেন। ইদারাতুল মাআরিফ সম্পর্কে তাঁর সঙ্গে আলাপ হয়। তিনি বলেন, ইদারাতুল মাআরিফ মূলত মাওলানা নূর মোহম্মদ আ'জমী ও ড. মুহম্মদ শহীদুল্লাহর অন্তরের তীব্র পিপাসা ও জ্বলনের ফল। ইসলামি জ্ঞানের মাধ্যমে ইসলামের সুমহান উদারতা, শিক্ষা ও সভ্যতা সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার তীব্র তৃষ্ণা তাঁরা লালন করতেন। তমদ্দুন মজলিসের চিন্তা চেতনা সামনে রেখেই ইদারাতুল মাআরিফ প্রতিষ্ঠিত হয়। ইসলামিক একাডেমি ও ইদারাতুল মাআরিফকে তমদ্দুন মজলিসের দুই ডানা বলা যায়।

তিনি বলেন, ইদারাতুল মাআরিফ যে ভিশন নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল তার নমুনা অনেকটা ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশন ইসলামি সভ্যতা সংস্কৃতির বিকাশ, ইসলামি জ্ঞনের বিস্তার, উর্দু আরবি ও ফার্সি ভাষায় রচিত ইসলামি জ্ঞানভাণ্ডার, চিন্তাচেতনা ও কৃষ্টিকালচারের কিতাবাদি অনুবাদের যে বিশাল কর্মযজ্ঞ পরিচালনা করেছে ইদারাতুল মাআরিফ অনেকটা এমনই মহান লক্ষ্য-উদ্দেশ্য নিয়েই গঠিত হয়েছিল। কিন্তু ইদারা তা পুরোপুরি করতে পারেনি।

ইদারার সিলেবাস

ইদারা যে মহৎ লক্ষ্য-উদ্দেশ্য সামনে রেখে আত্মপ্রকাশ করে তার বাস্তবায়নের জন্য একটি যুযোগযোগী সিলেবাসও প্রণয়ন করা হয়। সেই সিলেবাসে কেবল ইসলামি বিষয় ছিল তা নয়, যুগ চাহিদার প্রেক্ষিতে সমাজ ও বিশ্বরাজনীতির নানান বিষয়ও সিলেবাসভুক্ত ছিল। জ্ঞানের অভাব পূরণ ও নতুন জ্ঞানের উদ্ভাবনে এই সিলেবাস সাজানো হয়েছিল।

ইদারার একসময়ের ডাইরেক্টর অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ইদারার সিলেবাস সম্পর্কে বলেন: “এ উদ্দেশ্যের প্রেক্ষাপটে একটি দু'বছর মেয়াদী প্রশিক্ষণ কোর্সও বাধ্যতামূলকভাবে চালু করা হয়। এর পয়লা বছর যেহেতু এ দেশের মাদরাসা শিক্ষিত লোকেরা জাগতিক বহু বিষয়ে অজ্ঞ থেকে যান সেহেতু রাজনীতি, অর্থনীতি, ইংরেজি, ভূগোল, ইতিহাস, দর্শন, বিজ্ঞান প্রভৃতির মৌলিক জ্ঞানের সাথে 'বাংলা ভাষা ও সাহিত্য' এবং সাংবাদিকতার মৌলিক বিষয় শিক্ষা দেওয়া হতো এবং পরবর্তী বছরে উপযুক্ত গবেষণা-নির্দেশকের অধীনে নির্দিষ্ট বিষয়ে গবেষণা; পুস্তিকা রচনার ব্যবস্থা অবলম্বন করা হতো।"

এই সিলেবাসটি এতটাই যুগোপযোগী ছিল যে, পরবর্তীকালে সাহিত্য-সাংবাদিকতার যেসব বিভাগ চালু হয়েছিল সবাই সেই সিলেবাস অনুসরণ করে। আর্থিক অনটনে ইদারা বন্ধ হওয়ার প্রায় দশ বছর পর ১৯৮৬ সালে মিরপুর মুসলিম বাজার মাদরাসায় দায়েরাতুল মাআরিফ নামে এবং তৎপরপরবর্তীতে ১৯৯৮ সালে দারুর রাশাদ মাদরাসায় বায়তুল মাআরিফ নামে বাংলা ভাষা ও সাহিত্য-সাংবাদিকতা বিভাগ চালু করা হয়, তখন তারা এই সিলেবাসই অনুসরণ করে।

মাওলানা লিয়াকত আলী তার আত্মজৈবনিক সাক্ষাৎকারে বলেন: "আমরা সিলেবাস তৈরি করলাম আদি ইদারাতুল মাআরিফ থেকে পাওয়া সিলেবাসকে সামনে রেখে। দায়েরাতুল মাআরিফও এই সিলেবাসই রেখেছিল।”

ইদারার বৈশিষ্ট্য

ইদারাতুল মাআরিফ অনেকগুলো বৈশিষ্ট্য নিয়ে পথ চলেছিল। তার মধ্যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো:

(১) নীতিবান ও নির্ভীক লেখক-সাংবাদিক সৃষ্টি করা।

(২) এমন উপযুক্ত গবেষক তৈরি করা যারা এক দিকে ইসলামের কালজয়ী সৌন্দর্যকে তুলে ধরতে সক্ষম এবং অন্য দিকে বাতিলের অসারতাও প্রমাণ করতে সক্ষম।

(৩) শিক্ষার্থী, লেখক ও গবেষকদের আবাসনের ব্যবস্থা করা এবং তাদের পর্যাপ্ত ভাতার ব্যবস্থা করা।

(৪) শিক্ষার্থী-প্রশিক্ষণার্থীদের সার্বিক তত্ত্বাবধানে রাখা, সার্বক্ষণিক দিক নির্দেশনা দেয়া এবং উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা।

(৫) শিক্ষার্থী, গবেষক ও গবেষণা-নির্দেশকদের জন্য একটি সমৃদ্ধ পাঠাগারের ব্যবস্থা করা।

(৬) শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীদের লেখা ও গবেষণা-নিবন্ধ পত্র-পত্রিকায় এবং পুস্তক-পুস্তিকা আকারে প্রকাশের ব্যবস্থা করা।

(৭) শিক্ষার্থীদের ন্যূনতম এস.এস.সি. এবং দাওরায়ে হাদীস উত্তীর্ণ হতে হত এবং শিক্ষক ও প্রশিক্ষণদাতাদের সাধারণত প্রখ্যাত সাহিত্যিক এবং কলেজ পর্যায়ের প্রভাষক হতে হতো।

ইদারার লাইব্রেরি

ইদারার একটি লক্ষ্য-উদ্দেশ্য ছিল শিক্ষার্থী ও গবেষণার সুবিধার্থে একটি সমৃদ্ধ লাইব্রেরি গড়ে তোলা। সেই উদ্দেশ্য বাস্তবায়নে একটি বিশাল লাইব্রেরি গড়ে তুলেছিল। উর্দু আরবি ফার্সিসহ বহু ভাষার অসংখ্য মূল্যবান গ্রন্থ স্থান পেয়েছিল এই লাইব্রেরিতে। কিন্তু ইদারা বন্ধ হওয়ার পর অযত্ন-অবহেলায় রক্ষণাবেক্ষণের অভাবে লাইব্রেরির কিতাবাদি হারিয়ে যায়।

ইদারার লাইব্রেরি প্রসঙ্গে মাওলানা রুহুল আমীন খান উজানবী বলেন, আমি ১৯৮১ সালে ফরিদাবাদ মাদরাসায় গিয়ে ইদারার যে বিশাল লাইব্রেরি ছিল তার অর্ধেক অংশ দেখার সুযোগ পেয়েছি। বাকি অর্ধেক রক্ষণাবেক্ষণের অভাবে হারিয়ে গিয়েছিল। আমি যেটুকু দেখেছি সেটার কথা চিন্তা করলে এখনও অভিভূত হতে হয়। কি মূল্যবান ও দুর্লভ কিতাবাদি ছিল! কিতাব নির্বাচনে তারা কত উন্নত রুচির পরিচয় দিয়েছেন! আর্থিক দুর্যোগের সেই সময়ে তারা কত কষ্ট করে এত বিশাল লাইব্রেরি গড়ে তুলেছিলেন। এটা সম্ভব হয়েছিল বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার মাওলানা হারুন ইসলামাবাদীর মতো যোগ্য পারদর্শী ও ব্যক্তিত্বসম্পন্ন লোকদের কারণে।

দশটি বছরের পথচলা

প্রতিষ্ঠার পর থেকে দশ বছর পর্যন্ত ইদারাতুল মাআরিফ তার কার্যক্রম অব্যাহত রাখতে সক্ষম হয়। এই দশ বছরে অনেক জ্ঞানীগুণী লেখক এর পরিচালনায় যুক্ত হন। প্রতিষ্ঠার দুই বছর পরেই ১৯৬৯ সালে সদর সাহেবের ইন্তেকাল হয়। তখন এর সভাপতি মনোনীত হন পটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা হাজি ইউনুস সাহেব। ইদারার কাজে তিনি সুদূর চট্টগ্রাম থেকে অনেক সময় ঢাকায় এসে সপ্তাহের পর সপ্তাহ অবস্থান করতেন।

ইদারাতুল মাআরিফের আর্থিক যোগান দিতেন বগুড়ার বিশিষ্ট দানবীর হাজি জামিল আহমাদ সাহেব। স্বাধীনতা যুদ্ধের পর যুদ্ধবিধ্বস্ত দেশে প্রায় সব প্রতিষ্ঠানই অর্থ সংকটে পতিত হয়। বহু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এই সময়ে ইদারাও চরম আর্থিক দুর্দশায় পতিত হয়। ১৯৭২ সালে এর প্রধান তত্ত্বাবধায়ক ও গবেষণা-নির্দেশক মাওলানা নূর মোহাম্মদ আ'জমীর ইন্তেকাল হয়। মাওলানা আ'জমীর ইন্তেকালের পর মাসিক মদীনার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন খান ইদারার সাধারণ সম্পাদক এবং অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ডাইরেক্টর হিসেবে মনোনীত হন। কিন্তু আর্থিক দৈন্য প্রকট আকার ধারণ করে। তখন একে ধরে রাখা আর সম্ভব হলো না। অবশেষে ১৯৭৬ সালে ইদারাতুল মাআরিফ পুরোপুরি বন্ধ হয়ে যায়।

ইদারা কেন বন্ধ হলো এ প্রসঙ্গে মাওলানা রুহুল আমীন খান উজানবী বলেন, বাংলাদেশের স্বাধীনতার আগে পাকিস্তান আমলে বাংলা ভাষায় ইসলামি সভ্যতা সংস্কৃতি বিকাশের যে তৃষ্ণা আবেগ ও অনুভূতি নিয়ে গঠিত হয়েছিল পরবর্তী প্রজন্ম আমরা সেই উত্তরাধিকার ধারণ করতে ব্যর্থ হয়েছি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দরকার ছিল এই মিশনকে আরো জোরদার করা। কারণ যে ভাষায় ইসলামি সংস্কৃতির বিকাশে ইদারা কাজ করছিল এখন সেই ভাষার ভিত্তিতে একটি দেশ স্বাধীনতা লাভ করেছে। কিন্তু আমরা সেই উত্তরাধিকারকে ধারণ করতে ব্যর্থ হয়েছি, ইদারার কাজকে এগিয়ে নিতে ব্যর্থতার পরিচয় দিয়েছি। আমরা বহু দামি ও মূল্যবান মিরাস পেয়েছিলাম কিন্তু সেই মিরাসের সঠিক ব্যবহারে অকৃতকার্য হয়েছি। যুগ সচেতন পূর্ব পুরুষরা আমাদেরকে উত্তম মিরাস প্রদান করেছিলেন, স্বাধীনতার পর আমরা সেই মিরাসকে ধরে রাখতে পারিনি।

ইদারা থেকে প্রকাশিত গ্রন্থাবলি

ইদারার অন্যতম বৈশিষ্ট্য ছিল শিক্ষার্থীদের রচিত গ্রন্থ প্রকাশের ব্যবস্থা করা। সেই লক্ষ্যে ইদারা থেকে অনেকগুলো বই প্রকাশিত হয়। তার মধ্যে উল্লেখযোগ্য বইগুলো হলো:

(১) ইসলাম ও কমিউনিজম,

(২) ইসলাম ও পুঁজিবাদ,

(৩) খ্রীষ্টান ধর্মের ঐতিহাসিক সমীক্ষা,

(৪) কাদিয়ানী মাযহাবের পটভূমি,

(৫) ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা

এ ছাড়া আরও কিছু অনূদিত বইও ইদারা থেকে প্রকাশিত হয়।

ইদারা থেকে দায়েরা সময়ের পদরেখা

ইদারা বন্ধ হয় সত্য, কিন্তু আলেমদের মধ্যে বাংলা ভাষা ও সাহিত্য-সাংবাদিকতা চর্চায় একটি পদরেখা রেখে যায়। সেই পদরেখা অনুসরণ করে ১৯৮৬ সালে মিরপুর মুসলিম বাজার মাদরাসায় চালু হয় দায়েরাতুল মাআরিফ। এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা ছিলেন মাওলানা শরীফ মুহাম্মদ ইউসুফ। শরীফ মুহাম্মদ ইউসুফ আলেম হলেও সাংবাদিকতা করতেন। তখন মুসলিম বাজার মাদরাসার মুহতামিম ছিলেন হাফেজ্জী হুজুরের জামাতা লক্ষ্মীপুরের মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব। উদ্যোক্তারা প্রথমে ইদারাতুল মাআরিফ নামে বিভাগটি চালু করতে চাইলেও ফরিদাবাদ মাদরাসা কর্তৃপক্ষের আপত্তির কারণে দায়েরাতুল মাআরিফ নামে বিভাগটি চালু হয়। দায়েরাতুল মাআরিফে প্রশিক্ষক ছিলেন অধ্যাপক আখতার ফারূক, মাওলানা কোরবান আলী ও শরীফ মুহাম্মদ ইউসুফসহ প্রাজ্ঞ লেখক-সাংবাদিকরা।

দায়েরাতুল মাআরিফ এক বছরও টেকেনি। আর্থিক দৈন্যে বছর শেষের আগেই বন্ধ হয়ে যায়। কিন্তু এই সময়ে সময়ের তরুণ প্রতিশ্রুতিশীল কিছু লেখক সাংবাদিক উঠে আসে। দৈনিক নয়াদিগন্তের সিনিয়র সহসম্পাদক মাওলানা লিয়াকত আলী, মাসিক রহমত সম্পাদক মাওলানা মনযূর আহমাদ, মাদরাসা দারুর রাশাদের নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল হালিম, কাসেম ফয়জুদ্দিন, মাজহারুল হক প্রমুখ দায়েরাতুল মাআরিফেরই কৃতী শিক্ষার্থী।

মাদরাসা দারুর রাশাদে নতুন যাত্রা

উদ্যোক্তারাও দায়েরাকে ধরে রাখতে পারলেন না। আলেমদের ভাষা ও সাহিত্য-সাংবাদিকতার প্রাতিষ্ঠানিক কার্যক্রম দ্বিতীয়বারের মতো হোচট খেল। মাদরাসা অঙ্গনের জন্য এটা দুঃখজনক। ভাষা ও সাহিত্য মানুষের চিন্তাকে প্রভাবিত করে। চিন্তার গতিপথ বদলে দেয়। কিন্তু এক্ষেত্রে আলেমদের অনীহা বোধগম্য নয়। মসজিদ মাদরাসাকে দীনি কাজ মনে করলেও এদেশের বহু আলেম ও সাধারণ মানুষ এখনো বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক লড়াইকে দীনি কাজ মনে করে না। এই কারণে বুদ্ধিবৃত্তিক এই লড়াই ব্যহত হয়েছে কেবল আর্থিক দৈন্যের কারণে।

দায়েরাতুল মাআরিফ বন্ধ হওয়ার প্রায় বারো বছর পর ১৯৯৮ সনে সদর সাহেবের আরেক ভাবশিষ্য ও সাইয়েদ আবুল হাসান আলী নদভীর সান্নিধ্যপ্রাপ্ত খলিফা মাওলানা সালমান মাদরাসা দারুর রাশাদে নতুন উদ্যমে দুই বছর মেয়াদী বাংলা ভাষা ও সাহিত্য সাংবাদিকতা বিভাগ চালু করেন। তাঁর সহযোগী হলেন মাওলানা লিয়াকত আলী ও মাওলানা আব্দুল হালিম। শুরুতে এর নাম বাইতুল মাআরিফ দেওয়া হলেও সকলের কাছে ইদারাতুল মাআরিফ নামেই পরিচিতি লাভ করে। তবে ২০০৪ সালে বিভাগটির নাম পরিবর্তন করে রাখা হয় সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. এডুকেশন সেন্টার।

দারুর রাশাদের বাংলা সাহিত্য সাংবাদিকতা বিভাগটি সারাদেশেই তুমুল সাড়া ফেলতে সক্ষম হয়। সময়ের তরুণ লেখকরা এখান থেকে উঠে আসতে থাকে। এই তালিকায় বহু লেখক যুক্ত হন। জহির উদ্দিন বাবর, মুহাম্মদ ফয়জুল্লাহ, আলী হাসান তৈয়ব, আতাউর রহমান খসরু, নূরুদ্দীন তাসলিম প্রমুখের নাম উল্লেখযোগ্য।

নানা চড়াই-উত্রাইয়ের মধ্যেও প্রতিষ্ঠানটি প্রায় তিন দশক ধরে টিকে আছে। এটি গর্ব করার মতোই বিষয়। যদিও শুরুর সেই জৌলুস এখন আর নেই। নিভু নিভু অবস্থায় আছে। দুই বছরের কোর্স নেমে এসেছে এক বছরে। আগের মতো পেশাদার সাংবাদিকদের আনাগোনা নেই। সব কিছুর পরও টিকে থাকাও একটি সফলতা।

ইসলামপন্থীদের দুর্ভাগ্য, বুদ্ধিবৃত্তির কাজে তারা বরাবর পিছিয়ে। ইদারাতুল মাআরিফের এই উদ্যোগ যদি অব্যাহত রাখা যেত তাহলে বাংলা ভাষায় ইসলামি সাহিত্য ও গবেষণা আজ ঈর্ষণীয় পর্যায়ে থাকত। দুঃখের বিষয়, বাংলা ভাষা ভাষী ওলামায়ে কেরাম দীনি জ্ঞান অর্জনে যতটা সচেতন ও সচেষ্ট, সাধারণ মুসলিম সমাজে সেই জ্ঞানের বৃদ্ধিবৃত্তিক বিতরণে ততটা সচেষ্ট ছিলেন না। ধর্মীয় জ্ঞানে প্রবাদতুল্য বহু মনীষী বাংলা ভাষায় জন্ম নিয়েছেন, কিন্তু ভাষার দৈন্যে তাদের জ্ঞান থেকে বাংলা ভাষী মুসলিম সমাজ উপকৃত হতে পারেনি। সমাজের বিশাল জনগোষ্ঠীর সঙ্গে তাদের পরিচয় গড়ে ওঠেনি। আলেমরা সমাজ থেকে বিচ্ছিন্ন এক জনগোষ্ঠীতে পরিণত হয়। ইসলামের উদার নীতি নৈতিকতার আলাপ মাদরাসার চার দেয়ালে সীমিত হয়ে যায়। সমাজ ও রাষ্ট্রে এর প্রভাব তৈরি হয়নি।

বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৫ বছর হলো। এই সময়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ও সমাজের মূর্খতা ও নিরক্ষরতা দূরীকরণে কওমি মাদরাসা যে বিশাল অবদান রেখে চলেছে তার লিখিত ইতিহাস আমাদের আছে? ফলে যেকেউ কওমি মাদরাসার দিকে সহজে আঙুল তুলে কথা বলে। কওমি মাদরাসাকে সমাজের বোঝা মনে করে। এর কিছুটা দায় কি আমাদেরও নেই? দেশগড়ায় কওমি মাদরাসার অবদানকে কেন সমাজে স্বীকৃত স্থানে উত্তীর্ণ করতে পারিনি আমরা? ইদারাতুল মাআরিফ আমাদের সামনে যে আলোর প্রদীপ জ্বালিয়েছিল আমরা যদি তাতে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করতাম তাহলে স্বাধীনতার ৫৫ বছরে এসে আমাদের আক্ষেপ করতে হত না।

ইদারাতুল মাআরিফ বন্ধ হলেও তার চিন্তাধারা নিঃশেষ হয়নি কখনো। ইদারার পদরেখা ধরেই পরবর্তী প্রজন্ম বাংলা ভাষা ও শিল্পসাহিত্যে অগ্রসর হয়েছে। আলেম লেখক, সাহিত্যিক ও সাংবাদিকের সংখ্যা এখন একেবারে কম না। বাংলা ভাষায় শিল্পসাহিত্যে আলেমদের পদচারণা আরো মজবুত হোক, এই কামনা করি।

লেখক: ফাযেল, জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ, ঢাকা; শিক্ষক, জামিয়া আম্বরশাহ আল ইসলামিয়া, কারওয়ান বাজার, ঢাকা; সহযোগী সম্পাদক, লেখকপত্র

আইও/