
|
আকাবিরের পথ আঁকড়ে থাকার আহ্বান মুফতি তাকি উসমানীর
প্রকাশ:
২৪ নভেম্বর, ২০২৬, ০৮:০০ সকাল
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক রাজধানীর ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী ‘৭০ সালা ফুজালা সম্মেলনে’ ভার্চুয়ালি যুক্ত হয়ে হাদিসের দরস পেশ করেছেন পাকিস্তানের প্রখ্যাত আলেম শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানী। এ সময় তিনি বলেন, দীনি মাদরাসাগুলো যতদিন দারুল উলুম দেওবন্দের উসুল ও আদর্শ অনুযায়ী পরিচালিত হবে, ততদিন সেগুলো দুনিয়া ও আখেরাতে সফলতা লাভ করবে। তাই সব পরিস্থিতিতে আকাবিরের দেখানো পথ আঁকড়ে ধরে থাকতে হবে। সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন তিনি। প্রায় ১৫ বছর পর তার বাংলাদেশ সফরের কথা থাকলেও শেষ মুহূর্তে সফর স্থগিত হওয়ায় সরাসরি উপস্থিত হতে পারেননি। তবে ভার্চুয়ালি যুক্ত হয়ে হাদিসের দরস দেন তিনি। তার বক্তব্য ঘিরে উপস্থিত আলেম-ওলামা ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বক্তব্যের শুরুতে মুফতি তাকি উসমানি বলেন, মোবারক এই মাহফিলে সরাসরি উপস্থিত হওয়ার অনেক ইচ্ছা ছিল তার। কিন্তু অনাকাঙ্ক্ষিত কিছু কারণে তা সম্ভব হয়নি। তবে ভার্চুয়ালি যুক্ত হতে পেরে তিনি আল্লাহর শোকরিয়া আদায় করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান। এ সময় ফরিদাবাদ মাদরাসার প্রতিষ্ঠাতা মুতাওয়াল্লি মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ.-কে বিশেষভাবে স্মরণ করেন মুফতি তাকি উসমানি। তিনি বলেন, ছদর সাহেবের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তার সঙ্গে বহুবার সাক্ষাতের সুযোগ হয়েছে। এ সময় ছদর সাহেবের ইখলাস, লিল্যাহিয়াত ও দীনের জন্য কোরবানির কথা স্মরণ করে তিনি তার প্রতি গভীর শ্রদ্ধা জানান। শিক্ষার্থীদের উদ্দেশে মুফতি তাকি উসমানি বলেন, এসব দীনি মাদরাসার প্রাণ হচ্ছে দারুল উলুম দেওবন্দ। দেওবন্দের উসুল ও আদর্শ অনুসরণ করে মাদরাসাগুলো পরিচালিত হলে সেগুলো দুনিয়া ও আখেরাতে সফল হবে। এ জন্য যেকোনো পরিস্থিতিতে আকাবিরের দেখানো পথ থেকে বিচ্যুত না হওয়ার আহ্বান জানান তিনি। এর আগে সোমবার বিকেল ৪টায় রাজধানীর গেন্ডারিয়ার ধুপখোলা মাঠে মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুসের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে তিন দিনব্যাপী সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। আগামী বুধবার (২৫ নভেম্বর) পর্যন্ত চলবে এ সম্মেলন। মঙ্গলবার ও বুধবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সম্মেলনের কার্যক্রম চলবে। এতে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় আলেম, ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদরা পর্যায়ক্রমে বক্তব্য পেশ করবেন। মিডিয়া সমন্বয়ক মুফতি আহসান শরীফ জানান, সম্মেলনের প্রথম দিন বাদ এশা তিন হাজার ফুজালাকে সম্মাননা স্মারক হিসেবে পাগড়ি প্রদান করা হয়। পরবর্তী দুই দিন অবশিষ্ট ফুজালাদের পাগড়ি পরিয়ে সম্মাননা জানানো হবে। আয়োজকদের তথ্য অনুযায়ী, সম্মেলনে প্রায় ২০ হাজার সাবেক শিক্ষার্থীকে পাগড়ি পরিয়ে সম্মাননা জানানোর পরিকল্পনা রয়েছে। আইও/ |