সিরাত বিষয়ক বই প্রকাশে পাণ্ডুলিপি আহ্বান
প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৬, ০৯:০১ সকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন, কর্ম, আদর্শ ও শিক্ষার ওপর মানসম্মত ও গবেষণানির্ভর বই প্রকাশের উদ্যোগ নিয়েছে সীরাতচর্চা ও গবেষণাকেন্দ্র ‘সীরাতকেন্দ্র’। এ লক্ষ্যে লেখক, গবেষক ও অনুবাদকদের কাছ থেকে মৌলিক ও অনূদিত পাণ্ডুলিপি আহ্বান করেছে প্রতিষ্ঠানটি। আগ্রহীরা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত পাণ্ডুলিপি জমা দিতে পারবেন।

সীরাতকেন্দ্র জানিয়েছে, সিরাত কেবল ইতিহাসের পাঠ নয়; বরং মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণীয় এক অনন্য আদর্শ। এ আদর্শ গভীরভাবে অনুধাবন, বিশ্লেষণ ও পাঠকের সামনে প্রাঞ্জল ভাষায় তুলে ধরতে নতুন গবেষণা, নির্ভরযোগ্য তথ্যসূত্র ও মননশীল সাহিত্যকর্ম প্রয়োজন। এ লক্ষ্যেই নতুন বই প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটি যেসব বিষয়ে পাণ্ডুলিপি আহ্বান করেছে, সেগুলোর মধ্যে রয়েছে—রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পূর্ণাঙ্গ জীবনচরিত, সীরাতের বিশেষ অধ্যায় ও ঘটনাবলি, নববি জীবনাদর্শ ও তার প্রাসঙ্গিকতা, নবুয়তপূর্ব আরব ও সমকালীন বিশ্ব, রাসুলুল্লাহ (সা.)-এর পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবন, সাহাবায়ে কেরামের জীবন ও সিরাতের প্রভাব এবং সিরাত বিষয়ক গবেষণা, বিশ্লেষণ ও সমকালীন পাঠ। পাশাপাশি সীরাতের প্রাচীন ও আধুনিক গ্রন্থের অনুবাদও জমা দেওয়া যাবে।

পাণ্ডুলিপি নির্বাচনের ক্ষেত্রে তথ্যের নির্ভরযোগ্যতা ও ঐতিহাসিক শুদ্ধতা, প্রামাণ্য সূত্রের যথাযথ উল্লেখ, বিষয়বস্তুর স্বাতন্ত্র্য ও গবেষণার গভীরতা, ভাষার প্রাঞ্জলতা, উপস্থাপনার মান এবং পাঠকের উপযোগিতা ও প্রাসঙ্গিকতাকে গুরুত্ব দেওয়া হবে।

আগ্রহী লেখক ও অনুবাদকদের পূর্ণাঙ্গ পাণ্ডুলিপি অথবা প্রাথমিক প্রস্তাবনা, লেখক পরিচিতি ও যোগাযোগের তথ্যসহ পিডিএফ বা ফটোকপি আকারে পাঠাতে অনুরোধ জানিয়েছে সীরাতকেন্দ্র। নির্বাচক দলের মাধ্যমে মনোনীত পাণ্ডুলিপির লেখক বা অনুবাদকের সঙ্গে পরবর্তী সময়ে যোগাযোগ করা হবে। এরপর প্রকাশনার বিষয়ে আলোচনা করে প্রয়োজনীয় কার্যক্রম নির্ধারণ করা হবে।

পাণ্ডুলিপি জমা দেওয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২৬। এ বিষয়ে যোগাযোগ ও পাণ্ডুলিপি পাঠানো যাবে ০১৭১৫ ৯৪ ৩৮ ৯৫ নম্বরে অথবা siratkendro2018@gmail.com ইমেইল ঠিকানায়।

আইও/