
|
কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি
প্রকাশ:
২২ নভেম্বর, ২০২৬, ০৫:২৩ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক পাকিস্তান কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা কারী মুহাম্মদ হানিফ জালান্ধরি আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) ঢাকার বসুন্ধরা মারকাযে বয়ান করবেন। দেশের আলেম-উলামা ও মাদরাসা শিক্ষার্থীদের জন্য এ বয়ান উন্মুক্ত থাকবে। রোববার (২২ নভেম্বর) ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশের পক্ষ থেকে আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মাওলানা হানিফ জালান্ধরি পাকিস্তানের বিশিষ্ট আলেম, শিক্ষাবিদ ও মাদরাসা সংগঠক। দেশটির কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে পরিচিত তিনি। টানা ২৮ বছর ধরে পাকিস্তানের কেন্দ্রীয় কওমি শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিবের দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন ধরে মুলতানের ঐতিহ্যবাহী জামিয়া খায়রুল মাদারিসের মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মাওলানা খায়র মুহাম্মদ জালান্ধরি (রহ.)-এর নাতি এবং মাওলানা মুহাম্মদ শরিফ জালান্ধরি (রহ.)-এর ছেলে তিনি। ১৯৮১ সালে মাত্র ২০ বছর বয়সে বাবার ইন্তেকালের পর জামিয়া খায়রুল মাদারিসের তৃতীয় মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হানিফ জালান্ধরি। পরবর্তী সময়ে মুহতামিমের পাশাপাশি প্রতিষ্ঠানটির শায়খুল হাদিস হিসেবেও দায়িত্ব পালন করেন। অল্প বয়সে ঐতিহ্যবাহী একটি শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তার সাংগঠনিক নেতৃত্বের যাত্রা শুরু হয়। ১৯৯৮ সালের ২ মার্চ, মাত্র ৩৭ বছর বয়সে তিনি পাকিস্তান বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব নির্বাচিত হন। এরপর থেকে টানা ২৮ বছর ধরে এই দায়িত্ব পালন করছেন। তার দীর্ঘ নেতৃত্বে বোর্ডটির সাংগঠনিক বিস্তার, শিক্ষা কার্যক্রমের উন্নয়ন ও আন্তর্জাতিক পরিচিতি বেড়েছে। এ কারণে তাকে পাকিস্তান বেফাকের দীর্ঘদিনের কাণ্ডারি হিসেবেও অভিহিত করা হয়। ১৯৫৯ সালের ১৮ অক্টোবর প্রতিষ্ঠিত বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের অন্যতম বৃহৎ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড। মুলতানে অবস্থিত বোর্ডটির প্রধান কার্যালয়। দেশটির কওমি মাদরাসাগুলোর নিবন্ধন, পাঠ্যক্রম প্রণয়ন, পরীক্ষা পরিচালনা ও শিক্ষার মানোন্নয়নে কাজ করে প্রতিষ্ঠানটি। বর্তমানে বোর্ডটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্বখ্যাত আলেম মুফতি মুহাম্মদ তাকী উসমানী। ২০২৬ সালের ২ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে তিনি দ্বিতীয়বারের মতো সভাপতি এবং মাওলানা হানিফ জালান্ধরি টানা সপ্তমবারের মতো মহাসচিব নির্বাচিত হন। আগামী পাঁচ বছরের জন্য তারা এ দায়িত্ব পেয়েছেন। নির্বাচনে তাদের নাম প্রস্তাব করেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান। আইও/এসএইচ |