হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু
প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬, ০৫:১৮ বিকাল
নিউজ ডেস্ক

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফাহিম (২২) নামে এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আলমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিম ওই এলাকার শেখ ওসমানের বাড়ির মো. আবু বক্কর সওদাগরের দ্বিতীয় ছেলে। তিনি চিকনদণ্ডী ইউনিয়নের বড়দীঘির পাড় এলাকার আল জামিয়াতুল মাদানিয়া মাদরাসার হেদায়া আওয়ালাইন জামাতের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশের বিলে মাছ ধরার জন্য দোকান থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে মাঠ পাম্পের সাহায্যে পানি সেচ করছিলেন ফাহিম। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী ওহাব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফাহিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তরুণ এই মাদরাসা ছাত্রের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তবে এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, এ ধরনের কোনো ঘটনার খবর তার জানা নেই।

আইও/