শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা বন্ধের আহ্বান জাতীয় মসজিদের খতিবের
প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬, ১১:৫৮ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

দেশের স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যমান সহশিক্ষা কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। তিনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে ও মেয়েদের অবাধ সহাবস্থান দেশে ফিতনা সৃষ্টি করছে। কোনো মুসলিম সরকার এ ধরনের সহশিক্ষা কার্যক্রম বন্ধে উদ্যোগ নিলে তা জাতির জন্য বড় সাদাকায়ে জারিয়ার কাজ হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের খুতবায় তিনি এসব কথা বলেন।

খুতবায় মুফতি আবদুল মালেক বলেন, ‘কোনো মাদরাসায়, সেটা কওমি হোক কিংবা আলিয়া, সহশিক্ষার সুযোগ নেই।’

এ সময় উপস্থিত মুসল্লিরা উচ্চস্বরে ‘ঠিক’ বলে তাঁর বক্তব্যের প্রতি সমর্থন জানান।

নারী-পুরুষের অবাধ নির্জন অবস্থানের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, মাহরাম ছাড়া কোনো স্থানে একজন নারী ও পুরুষের একান্তে অবস্থানের সুযোগ নেই।

কুরআন ও হাদিসের উদ্ধৃতি দিয়ে জাতীয় মসজিদের খতিব বলেন, শুধু জিনা থেকে বিরত থাকাই যথেষ্ট নয়; জিনার কাছাকাছি যাওয়ার পথও বন্ধ করতে হবে। বর্তমানে মোবাইল ফোনের মাধ্যমেও জিনার পথ উন্মুক্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘চোখের জিনাও জিনা।’ তাই নারী-পুরুষের দৃষ্টি ও আচরণের ক্ষেত্রেও ইসলামের নির্দেশনা মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন এই আলেম।

আইও/