
|
একই রাতে দুই মহীরুহের বিদায়, শোক দ্বিগুণ হয়েছিল মুফতি তাকী উসমানীর
প্রকাশ:
১৪ নভেম্বর, ২০২৬, ১১:০২ দুপুর
নিউজ ডেস্ক |
বিশেষ প্রতিনিধি একই রাতে কয়েক ঘণ্টার ব্যবধানে ইন্তেকাল করেন হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.-এর দুই বিশিষ্ট খলিফা—মুফতি মুহাম্মদ শফী রহ. ও মাওলানা আতহার আলী রহ.। সমসাময়িক এই দুই মনীষীর বিদায়ে শোকাহত হয়ে পড়েছিলেন মুফতি শফী রহ.-এর সন্তান মুফতি মুহাম্মদ তাকী উসমানী। তাঁর কাছে এ ঘটনা ছিল গোটা মুসলিম উম্মাহর জন্য এক অপূরণীয় ক্ষতি। নিজ গ্রন্থে মুফতি তাকী উসমানী লিখেন- মাওলানা আতহার আলী রহ. ছিলেন উপমহাদেশের প্রখ্যাত আলেম, আধ্যাত্মিক সাধক ও দীনি ব্যক্তিত্ব। ইলম, আমল ও আধ্যাত্মিকতার জগতে তাঁর বিশেষ মর্যাদা ছিল। তিনি শুধু কোনো নির্দিষ্ট অঞ্চল কিংবা বংশের সম্পদ ছিলেন না; বরং পুরো মুসলিম উম্মাহর জন্য ছিলেন এক অমূল্য রত্ন। তাঁর ইন্তেকালের সংবাদ মুফতি মুহাম্মদ তাকী উসমানীর হৃদয়ে গভীর শোকের সৃষ্টি করেছিল। বিশেষ করে তাঁর বাবা মুফতি মুহাম্মদ শফী রহ.-এর ইন্তেকালের সঙ্গে একই রাতে মাওলানা আতহার আলী রহ.-এর বিদায় নেওয়ার ঘটনাটি তাঁকে আরও বেশি মর্মাহত করে। মুফতি তাকী উসমানী তাঁর স্মৃতিচারণে লিখেছেন, স্রষ্টার বিস্ময়কর ও আশ্চর্যজনক ব্যবস্থাপনা হলো, যে রাতে তাঁর বাবা মুফতি মুহাম্মদ শফী রহ. ইন্তেকাল করেন, সেই রাতেই কয়েক ঘণ্টা আগে ময়মনসিংহে ইন্তেকাল করেন তাঁর বাবার প্রিয় বন্ধু মাওলানা আতহার আলী রহ.। একই রাতে হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.-এর দুই খলিফার দুনিয়া থেকে বিদায় নেওয়ার ঘটনা তাঁকে গভীরভাবে নাড়া দেয়। এই দুই মনীষীর ইন্তেকালের শোক তাঁর কাছে ছিল দ্বিগুণ বেদনার। তিনি লিখেছেন, মাওলানা আতহার আলী রহ.-এর ইন্তেকাল তাঁর বাবার মৃত্যুশোককে আরও বাড়িয়ে দিয়েছিল। এই শোক প্রকাশ করার মতো ভাষাও তাদের কাছে ছিল না। স্মৃতিচারণে মুফতি তাকী উসমানী তৎকালীন পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁর মনে হয়েছিল, উম্মাহর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। অজান্তেই তাঁর মুখ থেকে উচ্চারিত হচ্ছিল আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার সেই দোয়া—‘হে আল্লাহ! তুমি ছাড়া আশ্রয় নেওয়ার এবং মুক্তি পাওয়ার আর কোনো জায়গা নেই।’ তিনি আল্লাহর কাছে মুসলিম উম্মাহকে নষ্টামি ও ফিতনা থেকে নিরাপদ রাখার প্রার্থনা করেন। সূত্র: স্মৃতির মনীষীরা, অনুবাদ: জহির উদ্দিন বাবর আইও/ |